ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মধ্যপ্রদেশে একটি বাস নদীতে পড়ে অন্ততপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ হয়েছেন ১৫ জন।
সোমবার মধ্যপ্রদেশের রাইসেন জেলায় সেতু পাড় হতে গিয়ে বাসটি বর্ণা নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে এনডিটিভি জানায়।
মা গায়ত্রী ট্রাভেলসের ওই বাসটি ৬০ জন যাত্রী বহন করছিল। বাসটির একটি চাকার টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি নদীতে পড়ে যায়।
পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত নদী থেকে ২৬টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ১৫ জন স্রোতে ভেসে গেছে।
বাসটি ভূপাল থেকে জাবালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিকে ক্রেনের সাহায্যে দ্বিখণ্ডিত অবস্থায় টেনে তোলা হয় বলে পুলিশ জানায়।
আহত ২১ যাত্রীকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়। পরবর্তী সময় ৬ জনের অবস্থা গুরুতর হয়ে উঠলে তাদের ভূপালের হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর থেকে বাস চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে চালকের সহকারী (কনডাক্টর) লক্ষ্মীপ্রসাদ দুর্ঘটনাকবলিত হওয়ার আগে বাস থেকে লাফিয়ে পড়ে আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভূপালের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা ও আহতদের অবস্থা বুঝে ৫ থেকে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১২ ঘ.
bdnews24