অসলো, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের আত্মস্বীকৃত হামলাকারী অ্যান্ডার্স ব্রেইভিকের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল 'সম্ভবত' মানসিক ভারসাম্যহীন।
ব্রেইভিকের আইনজীবী গেইর লিপেস্টাড মঙ্গলবার বলেন, বোমা হামলা এবং গুলি চালিয়ে ৭৬ জন মানুষকে হত্যার পুরো ঘটনাটিতে সে মানসিকভাবে অসুস্থ বলেই তার মনে হয়।
ব্রেইভিক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অসলোর প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনের কাছে বোমা হামলা এবং উটোইয়া দ্বীপে গুলি চালিয়ে মানুষ হত্যাকে 'নৃশংস' বলে স্বীকার করলেও 'প্রয়োজনীয়' বলে দাবি করেছেন।
এ ঘটনায় নিজেকে অপরাধী মানতেও রাজী হননি তিনি।
বিচারের সময় ব্রেইভিক নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে স্বীকার করবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না, বলেন লিপেস্টাড।
তিনি জানান, ব্রেইভিক নিজেকে ইসলাম-বিরোধী নেটওয়ার্কের সদস্য বলে দাবি করেছেন। নরওয়েতে এর দুটি এবং বিদেশে আরো শাখা রয়েছে বলে দাবি করেছেন তিনি।
তবে নরওয়ে কর্তৃপক্ষ এ ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
লিপেস্টাড বলেন, "ব্রেইভিক নরওয়েতে দুটি এবং বিদেশে বেশ কয়েকটি সক্রিয় গ্রুপ থাকার কথা জানিয়েছেন।"
তবে পুলিশের ধারণা, ব্রেইভিক একাই এ হত্যাযজ্ঞ চালিয়েছে। ব্রেইভিকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ রয়েছে।
পুলিশ তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনারও চিন্তা-ভাবনা করছে। এ অভিযোগে ব্রেইভিকের ৩০ বছর পর্যন্ত কারাদ- হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪০ঘ.
bdnews24