ওয়াশিংটন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ। এ পর্যন্ত দেশটিতে এই সংক্রমণের শিকার হয়েছে ৯৭ জন। আক্রান্তদের মধ্যে দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন সোমবার টেক্সাসভিত্তিক একটি বিপণন প্রতিষ্ঠানের সরবরাহ করা পেঁপে না খেতে জনসাধারণকে পরামর্শ দিয়েছে।
টেক্সাসের বিপণন প্রতিষ্ঠান এগ্রোমোড প্রডিউসের মেক্সিকো থেকে আমদানী করা পেঁপেগুলোর সাথে সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণের সম্পর্ক আছে বলে ধারণা করছে খাদ্য ও ওষুধ প্রসাশন।
সালমোনেলা সংক্রমণে সাধারণত ডায়রিয়া হয়। তবে সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমিত কোন খাবার খাওয়ার পর প্রথম কয়েকদিন জ্বর হয় এবং তলপেটে খিল ধরে থাকে।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তদের মধ্যে টেক্সাস ও ইলিনয়িস অঙ্গরাজ্যের মানুষই বেশি। সংক্রমণের শিকার বেশিরভাগ ৫ বছরের কম বয়েসি শিশু ও নারী।
সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণের অভিযোগ ওঠার পর বিপণন প্রতিষ্ঠানটি বাজার থেকে তাদের সরবরাহ করা সব পেঁপে সরিয়ে নিচ্ছে।
খাদ্য ও ওষুধ সংস্থা জানিয়েছে, তারা এগ্রোমোড ও মেক্সিকোর কর্মকর্তাদের সাথে নিয়ে পেঁপেগুলোতে সালমোনেলার সংক্রমণ ঘটার কারণ বের করার চেষ্টা করছেন।
মেক্সিকোর কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণের কারণ বের করার জন্য আরো সময় প্রয়োজন। তারা আরো জানায়, মেক্সিকোয় পেঁপে খেয়ে কেউ কখনো সালমোনেলার শিকার হয় নি।
যুক্তরাষ্ট্রের খাদ্যবাহিত অসুস্থতায় সালমোনেলার সংক্রমণ একটি সাধারণ ঘটনা। গত ২০১০ সালে সালমোনেলা সংক্রমণে ২৩ শ' লোক হাসপাতালে ভর্তি হয়, এদের মধ্যে ২৯ জন মারা যায়।
সালমোনেলা সংক্রমণের অন্য একটি ঘটনায় প্রায় ৫০ কোটি ডিম বাজার থেকে উঠিয়ে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৩ ঘ.
bdnews24