২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুমূর্ষু শিশুরা পরিত্যক্ত হচ্ছে রাস্তায়'

খরা পীড়িত পূর্ব আফ্রিকার বেপরোয়া সোমালি মায়েরা জরুরি খাদ্যত্রাণ কেন্দ্রগুলোতে যাওয়ার পথে মৃত্যুপথযাত্রী শিশুসন্তানদের রাস্তার পাশেই ফেলে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

রোম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খরা পীড়িত পূর্ব আফ্রিকার বেপরোয়া সোমালি মায়েরা জরুরি খাদ্যত্রাণ কেন্দ্রগুলোতে যাওয়ার পথে মৃত্যুপথযাত্রী শিশুসন্তানদের রাস্তার পাশেই ফেলে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা। ইতালির রাজধানী রোমে সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক সম্মেলনে তারা একথা জানান। সম্মেলনে জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচীর নির্বাহী পরিচালক জোসেটি শিরান বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও আঞ্চলিক সংঘাতের সম্মিলিত প্রভাবে পূর্ব আফ্রিকার ১ কোটি ২০ লাখ লোক নিদারুণ সংকটের শিকার হচ্ছে। "আমরা দেখছি, যে যে কেন্দ্র থেকে খাদ্য সরবরাহ করা সম্ভব তার সবগুলোতেই মানুষ উপচে উঠেছে", বলেন শিরান। তিনি জানান, কেনিয়ার দাদাবে নব্বই হাজার মানুষ ধারণক্ষম আশ্রয়কেন্দ্রে চার লাখ মানুষ আশ্রয় নিয়েছে। "আমরা চাচ্ছি মানুষের আসার পথে অর্থাৎ রাস্তাতেই খাদ্য সরবরাহ করতে, কারণ অনেকে পথেই মারা যাচ্ছে। মায়েরা তাদের অতি দুর্বল সন্তানদের যারা রাস্তাতেই মারা যাবে বলে বোঝা যাচ্ছে তাদের ফেলে অপেক্ষাকৃত সবল সন্তানদের নিয়ে এগিয়ে যেতে বাধ্য হচ্ছে।" এই সংকটে নারী ও শিশুরাই সবচেয়ে বিপদগ্রস্ত বলে জানান শিরান। তিনি একে "শিশুদের দুর্ভিক্ষ" বলে চিহ্নিত করেন। তিনি বলেন, অনাহারে অনেক শিশুই মারা যাবে, আর যারা বেঁচে থাকবে অনাহারের কারণে তাদের মস্তিষ্কের ও শরীরের স্থায়ী ক্ষতি হয়ে যাবে। বিশ্ব খাদ্য কর্মসূচী ২৫ লাখ অপুষ্ট শিশুকে খাদ্য সরবরাহ করছে জানিয়ে শিরান বলেন, এ বিষয়ে আরো অর্থ সাহায্য পাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। 'হর্ন অব আফ্রিকা' বলে পরিচিত পূর্ব আফ্রিকার সোমলিয়ার দুটি এলাকাকে দুর্ভিক্ষ পীড়িত বলে ঘোষণা করেছে জাতিসংঘ। কয়েক বছর ধরে আভ্যন্তরীণ সংঘাতে লিপ্ত দক্ষিণ সোমালিয়ার খরা পীড়িত ওই অঞ্চল থেকে জানুয়ারির পর পার্শ্ববর্তী দেশ কেনিয়া ও ইথিওপিয়ায় পালিয়ে গেছে প্রায় ১ লাখ ৩৫ হাজার দুর্ভিক্ষ পীড়িত মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৫ ঘ.