২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে ন্যাটো হামলার মুখেও অনড় গাদ্দাফি

ত্রিপোলিতে ন্যাটো হামলার মুখে লিবিয়া সরকার আরো আলোচনায় রাজি বলে জানালেও পদত্যাগের দাবির কাছে নতি স্বীকার না করার সিদ্ধান্তে এখনো অটল নেতা মুয়াম্মার গাদ্দাফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ত্রিপোলি, লিবিয়া, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রিপোলিতে ন্যাটো হামলার মুখে লিবিয়া সরকার আরো আলোচনায় রাজি বলে জানালেও পদত্যাগের দাবির কাছে নতি স্বীকার না করার সিদ্ধান্তে এখনো অটল নেতা মুয়াম্মার গাদ্দাফি। রাজধানী ত্রিপোলিতে শনিবার মধ্যরাতে ন্যাটো বাহিনী হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে। তবে হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি। এক প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে কয়েক দফা বিস্ফোরণে কেঁপে ওঠে ত্রিপোলি। তিনি বলেন, ত্রিপোলির গোয়েন্দা ভবনে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মার্চে লিবিয়ায় পশ্চিমা যৌথ বাহিনী অভিযান চালানোর পর এবারই প্রথম ওই গোয়েন্দা ভবনে হামলা হলো। শনিবার রাতে হামলার আগের দিনও ত্রিপোলিতে বিমান হামলা চালিয়েছে ন্যাটো। ওই হামলা সামরিক স্থাপনায় চালানো হয়েছে বলে ন্যাটো দাবি করলেও লিবিয়া সরকার বলেছে তাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। ন্যাটোর এ হামলার মধ্যে শুক্রবার লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্র ও বিদ্রোহীদের সঙ্গে আরো আলোচনায় বসতে রাজি রয়েছে লিবিয়া সরকার। তবে গাদ্দাফি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি মেনে নেবেন না, বলেন তিনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে লিবিয়ার সরকারি কর্মকর্তাদের 'ফলপ্রসু আলোচনা' হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ভবিষ্যতে আরো বৈঠক হবে। এগুলো লিবিয়ার সংকট সমাধানে সহায়তা করবে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো বৈঠকে বসতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/এলকিউ/১৭৪৭ঘ.