২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়েতে গুলি-বোমায় নিহত ৯২

নরওয়ের অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণ এবং এক দ্বীপে বন্দুকধারীর গুলির্বষণে নিহতের সংখ্যা বেড়ে ৯২ হয়েছে। এ সংখ্যা ৯৮-এ পৌঁছুতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 03:43 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

অসলো, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণ এবং এক দ্বীপে বন্দুকধারীর গুলির্বষণে নিহতের সংখ্যা বেড়ে ৯২ হয়েছে। এ সংখ্যা ৯৮-এ পৌঁছুতে পারে। নরওয়ের স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও ১৫ জন আহত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে দ্বীপে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশের পোশাক পরিহিত বন্দুকধারীর গুলিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হওয়ায় নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ৯২। পুলিশের ধারণা গাড়িবোমার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পরে। উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের সম্মেলনে গুলিবর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় নিখোঁজরা মৃত বলে প্রমাণিত হলে মোট নিহতের সংখ্যা ৯৮ হতে পারে বলে জানিয়েছেন অসলোর ভারপ্রাপ্ত পুলিশপ্রধান স্ভেইনাঙ স্পনহাইম। দ্বীপে গুলিবর্ষণকারী অ্যান্ডার্স বেরিং ব্রেইভিককে গ্রেপ্তার করছে অসলো পুলিশ। অসলো বোমা বিস্ফোরণের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হচ্ছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২১ বছর কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গুলিবর্ষণের দেড় ঘণ্টার মাথায় নিরাপত্তা বাহিনীর বিশেষ শাখা সোয়াটের একটি দল উটাইয়ো দ্বীপ থেকে অ্যান্ডার্সকে গ্রেপ্তার করে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান স্ভেইনাঙ স্পনহাইম। দ্বীপটি অসলো থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। অ্যান্ডার্স আত্মসমর্পণ এবং ঘটনা স্বীকার করেন জানিয়ে পুলিশপ্রধান বলেন, আমরা এখনো জানি না তার কোনো সহযোগী ছিলো কি না। অ্যান্ডার্স অভিবাসনবিরোধী একটি সংগঠনের সদস্য ছিলেন। তিনি বহু-সংস্কৃতিবাদ এবং ইসলাম ধর্মকে আক্রমণ করে বেশকিছু ব্লগ লিখেছিলেন। তবে পুলিশ বলছে, তার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিলো না। এছাড়া ব্লগপোস্টগুলোয় সহিংসতার কোনো আভাস পাওয়া যায়নি। ২০০৪ সালে স্পেনের মাদ্রিদে ট্রেনে বোমা হামলায় ১৯১ জন নিহত হওয়ার পর এটিই ইউরোপে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা। ন্যাটোর সদস্য নরওয়েতে এর আগে এ ধরনের হামলা হয়নি। তবে আফগানিস্তান যুদ্ধে জড়িত থাকায় কখনো কখনো আল-কায়েদার হুমকির মুখে পড়েছে শান্তিতে নোবেল প্রদানকারী স্ক্যান্ডিনেভীয় এ দেশটি। লিবিয়ায় ন্যাটো অভিযানেও নরওয়ে অংশ নিচ্ছে। এর জবাবে ইউরোপে পাল্টা হামলা চালানোরও হুমকি দিয়েছিলেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততা ও নরওয়ের বিভিন্ন স্থাপনায় হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটকের এক বছরের মাথায় সেখানে এ হামলা হলো। 'যেভাবে হলো তা খুবই নাটকীয়' প্রধানমন্ত্রীর দপ্তরসহ কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ নিরাপদ ছিলেন। নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী অসলো শহরে অবস্থান নিয়েছে। বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ নরওয়ের টিভি-২ টেলিভিশনকে টেলিফোনে বলেন, মন্ত্রিপরিষদের সব সদস্য অক্ষত আছেন। তবে পরিস্থিতি 'খুব গুরুতর'। তিনি বলেন, "এ ধরনের পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি ছিল। তবে যেভাবে এটা ঘটলো- তা খুবই নাটকীয়।" শনিবার এক সাংবদিক সম্মেলনে জেনস স্টোলটেনবার্গ বলেন, "এ ঘটনা কেন ঘটেছে সে সম্পর্কে আমি অনুমাননির্ভর কিছু বলতে চাই না। কিংবা অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে ডানপন্থীদের সঙ্গে নরওয়েতে বিশাল সমস্যা চলছে এ দাবিও করবো না। "কিন্তু কিছু চরমপন্থী গোষ্ঠী এখানে সক্রিয় হয়ে উঠেছে। আমরা অতীতে তাদের পর্যবেক্ষণ করেছি এবং আমাদের পুলিশ তাদের ব্যাপারে সচেতন রয়েছে।" বিস্ফোরণে প্রধানমন্ত্রীর ১৭ তলা কার্যালয় ভবনসহ আশেপাশে তেল মন্ত্রণালয় এবং আরো কয়েকটি মন্ত্রণালয় ভবনের বেশির ভাগ জানালা উড়ে যায়। দেখা যায় ধোঁয়ার কুণ্ডলি। তেল মন্ত্রণালয়ে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে দেশটির পুলিশ প্রধান ওয়েস্টিন মায়েল্যান্ড এক সংবাদ সম্মেলনে বলেন, "বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনায় ৮০ জন মারা গেছেন। এ সংখ্যা আর বাড়বে না, এ ধরনের কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না।" নরওয়ের টেলিভিশন টিভি-২ বলেছে, বন্দুকধারী যুবকের সঙ্গে ডান চরমপন্থীদের সম্পৃক্ততা রয়েছে। উটোইয়া দ্বীপের কয়েকশ' মিটার দূরে টাইরিফজোর্ড লেক থেকে ঘটনার প্রত্যক্ষদর্শী ৪২ বছর বয়স্ক আনিতা লিয়েন বলেন, "আমি দেখলাম লোকজন পানিতে লাফিয়ে পড়ছে, কমপক্ষে ৫০ জন মানুষ সাঁতার কেটে তীরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। লোকজন ভয়ে চিৎকার করে কাঁদছিল।" "তারা বয়সে খুবই তরুণ। ১৪ থেকে ১৯ বছর বয়সী হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএইচ/জেকে/সিআর/পিডি/০১১৫ ঘ.