জেরুজালেম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা অভিমুখী তুরস্কের স্বেচ্ছাসেবক ও ত্রাণবাহী জাহাজে হামলার বিষয়ে ক্ষমা চাওয়া হবে কি না তা নিয়ে বিতর্ক চলছে ইসরাইলে।
গত বছর মাভি মারমারা নামের ওই জাহাজে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় ফিলিস্তিনের সমর্থক তুরস্কের ৯ জন নাগরিক মারা যায়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার বিষয়ে কেবল দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু দেশটির কর্মকর্তারা জানান, জোড়ালো অনুশোচনা প্রকাশের পক্ষে সরকারের মধ্যে সমর্থন ছড়িয়ে পড়ছে।
হামলার বিষয়ে জাতিসংঘ আগামী ২৭ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করবে। আর এ নিয়েই মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে।
ইসরায়েল ধারণা করছে, প্রতিবেদনে গাজা অবরোধ কৌশলের সমর্থন জানানো হবে যা তুরস্কের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে। তুরস্ক জানিয়েছে, প্রতিবেদনে এ ধরনের ফলাফল পাওয়া গেলে তা প্রত্যাখ্যান করা হবে।
এদিকে সংকট যাতে আরো তীব্র আকার ধারণ না করে সেজন্য সাবেক বন্ধুপ্রতীম দেশগুলো সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করছে। আর এতে ইসরাইলকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তুরস্ক।
নেতানিয়াহু এ বিষয়ে জনসমক্ষে কোনো মন্তব্য করেন নি।
উপ প্রধানমন্ত্রী মোশে ইয়ালুন বৃহস্পতিবার বিদেশি সাংবাদিকদের বলেন, "আমরা ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত নই। ক্ষমা চাওয়ার প্রকৃত অর্থ দায়িত্ব নেওয়া। আপনারা জানেন, আমাদের সেনারা মাভি মারমারায় নিজেদের রক্ষায় লড়াই করেছে।"
প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের হাতে আরো ছয়দিন সময় রয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেওফ্রি পলমারকে নিয়ে গঠিত তদন্ত কমিটি এ প্রতিবেদন পেশ করবে।
ইসরাইল তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবে কিনা জানতে চাইলে ইয়ালুন জানান, তুরস্কের কাছে ক্ষমা চাইলে সরকারের মধ্যে বিতর্কের সৃষ্টি হতে পারে।
আর তিনি যে আপত্তি জানাচ্ছেন তা তার ব্যক্তিগত অভিমত বলেও মন্তব্য করেন তিনি।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক অবশ্য তুরস্কের সঙ্গে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন।
তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোগান মাভি মারমারার বেঁচে যাওয়া সদস্যদের জন্য ক্ষতিপূরণ ও গাজা অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকবম/এফএফ/সিআর/১৩৫৯ ঘ.
bdnews24