ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যাকিং কেলেঙ্কারি জর্জরিত নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে মিডিয়া মুখপাত্র হিসাবে নিয়োগ দেওয়ার জন্য বুধবার পার্লামেন্টে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে রুপার্ট মার্ডক তার ছেলে জেমস এবং রেবেকা ব্রুকস পার্লামেন্টে জেরার মুখোমুখি হওয়ার পর বুধবার ক্যামেরনও পার্লামেন্টে এক জরুরি অধিবেশনে এমপিদের প্রশ্নের মুখোমুখি হন।
কুলসনকে নিয়োগের সিদ্ধান্তসহ ফোন হ্যাকিং সঙ্কট নিয়ে জরুরি বিবৃতি দিতে আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে সেখানে হাজির হন তিনি।
ক্যামেরন বলেন, পরিস্থিতি এতদূর গড়াবে বুঝতে পারলে তিনি কুলসনকে নিয়োগ দিতেন না। তিনি এর জন্য দুঃখিত। কুলসনের নিয়োগ নিয়ে যে ক্ষোভ দেখা দিয়েছে তা নিয়েও গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।
নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিকদের ফোন হ্যাকিং নিয়ে শোরগোল ওঠার পরপরই সাবেক মুখপাত্র অ্যান্ডি কুলসনকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ক্যামেরন।
কুলসনকে চাকরি দেওয়ার আগে তাকে ঠিকমত যাচাই করে না নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাছাড়া তাকে নিয়োগ না দেওয়ার ব্যাপারে অনেকের সতর্কবাণীতেও ক্যামেরন কান দেননি বলে অভিযোগ আছে।
বিবিসি জানায়, কমন্স সভার জরুরি অধিবেশনে উত্তপ্ত পরিবেশে ক্যামেরনের বিরুদ্ধে অভিযোগ করে লেবার নেতা এড মিলিব্যান্ড বলেন, "তিনি সিদ্ধান্ত নিতে মারাত্মক ভুল করেছেন।"
এজন্য ক্যামেরনকে ক্ষমা চাওয়ার জন্য চাপ দেন বিরোধীদলের এমপিরা ।
এ পরিস্থিতিতে ক্যামেরন তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, "একজন দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি তাকে নির্দোষ মনে করি। কিন্তু কুলসন ফোন হ্যাকিং এর ব্যাপারে আমাকে মিথ্যা বলে থাকলে তাকে মারাত্মক অপরাধ অভিযোগের মুখে পড়তে হবে। আর তখনই আমি ক্ষমা চাইবো।"
২০০৭ সালে ফোন হ্যাকিং এর অভিযোগে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের দুই কর্মী জেলে যাওয়ার পর সম্পাদকের পদ থেকে পদত্যাগ করা অ্যান্ডি কুলসনকে মিডিয়ার মুখপাত্র নিয়োগ করেন ক্যামেরন। ক্যামেরন তখন বিরোধীদলীয় নেতা ছিলেন।
২০১০ সালের মে মাসে ব্রিটেনে নির্বাচন শেষে ক্যামেরন প্রধানমন্ত্রী হওয়ার পরও কুলসনকে একই পদে বহাল রাখেন। এ বছর মার্চ মাস পর্যন্ত ক্যামেরনের দপ্তরে কাজ করেছেন কুলসন।
তিনি বরাবরই কোনোরকম অপকর্মে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। ফোনে আড়িপাতার ব্যাপারে কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি।
তবে সম্প্রতি ফোন হ্যাকিং এবং দুর্নীতির বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে যাওয়ার পর এ মাসের শুরুতে গ্রেপ্তার হন কুলসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩০ঘ
bdnews24