বেলগ্রেড, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সার্বিয়ার পলাতক শেষ শীর্ষ যুদ্ধাপরাধী গোরান হাদজিচকে গ্রেপ্তার করা হয়েছে। সার্বিয়ার কর্মকর্তারা বুধবার রয়টার্সকে এ খবর জানিয়েছেন।
১৯৯১-৯৫ সালের ক্রোয়েশিয়ার যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে হাদজিচ জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। জাতিগতভাবে তিনি ক্রোয়েশীয় সার্ব। যুদ্ধের সময় তিনি ক্রোয়েশীয় সার্বদের নেতা ছিলেন।
ক্রোয়েশিয়া থেকে সার্ব প্রজাতন্ত্র কার্জিনার বের হয়ে আসার পেছনে হাদজিচের প্রধান ভূমিকা ছিল।
নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত জাতিসংঘ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের হুলিয়া মাথায় নিয়ে আত্মগোপন করে ছিলেন তিনি।
চলতি বছরের প্রথমদিকে যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচের গ্রেপ্তারের পর যুদ্ধাপরাধীদের মধ্যে শুধু হাদজিচই পলাতক ছিলেন। তার গ্রেপ্তারের মাধ্যমে ১৯৯১-৯৫ সালের যুগোশ্লাভায়িয়া যুদ্ধের শীর্ষ সব পলাতক অপরাধীকেই আটক করা হলো।
গোরান হাদজিচকে গ্রেপ্তারের পর দেশটির প্রেসিডেন্ট বরিস তাদিচ সার্বিয়ার স্থানীয় সময় সকাল ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৫০৬ ঘ.
bdnews24