২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির প্রতিনিধিদের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠক ভিডিও

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের মুখোমুখি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ত্রিপোলি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের মুখোমুখি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি আবারও জানানো হয়েছে এবং তারা কোনো সমঝোতায় জড়াচ্ছে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার তিউনেশিয়ায় এ গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে লিবিয়া সরকারের মুখপাত্র ইব্রাহিম মুসা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, 'গাদ্দাফি সরে গেলেই কেবল আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এ স্পষ্ট ও সুনির্দিষ্ট বার্তাটি দেয়ার জন্যই বৈঠক হয়েছে।' আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই জানিয়ে ওই কর্মকর্তা বলেন, "এটি কোনো আলোচনা নয়। এটি হচ্ছে বার্তা পৌঁছানো।" ওদিকে লিবিয়া সরকার জানিয়েছে, কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া আলোচনাকেই কেবল তারা স্বাগত জানাবে। ইব্রাহিম মুসা ত্রিপোলিতে সাংবাদিকদের বলেন, "ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে যেকোনো আলোচনাকে আমরা স্বাগত জানাই। আমরা সব বিষয়ে আলোচনা করবো। তবে শান্তি আলোচনায় কোনো শর্ত দিলে চলবে না। লিবিয়ার জনগণকেই নিজেদের ভবিষ্যত নির্ধারণ করতে দিন।" অন্যদিকে, গাদ্দাফি বাহিনীকে পশ্চিমদিকে হটিয়ে দিয়ে সোমবার ব্রেগা শহরের অধিকাংশ অঞ্চল পুনর্দখল নিয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। তবে বিদ্রোহীদের এ দাবি নাকচ করে দিয়ে ব্রেগা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে লিবিয়ার সরকার। গত পাঁচদিন ধরে চলা এ লড়াইয়ে দু'পক্ষের অন্তত ৪০ জন নিহত হয়েছে। বিদ্রোহীদের মুখপাত্র শামসিদ্দিন আব্দুলমোলাহ ব্রেগার পুরো নিয়ন্ত্রণ দাবি করেছেন। বেনগাজি থেকে টেলিফোনে ওই মুখপাত্র বলেন, "গাদ্দাফি বাহিনীর প্রধান অংশ পশ্চিমের রাস লানুফে ফিরে গেছে।" গাদ্দাফি সরকারের মুখপাত্র ইব্রাহিম বলেন, "আমাদের সেনারা ব্রেগায় রয়েছে এবং এর পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে।" সেইসঙ্গে পাঁচদিনের এ লড়াইয়ে গাদ্দাফি পক্ষের ৩০ সেনার মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে বিদ্রোহীপক্ষের হতাহত অনেক বেশি বলেও তিনি জানান। বিদ্রোহী মুখপাত্র নিজেদের পক্ষের ১২ সেনা নিহত ও ৩ শ' আহত হয়েছে বলে জানিয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্র লিবিয়ার বিদ্রোহীদের দেশটির বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করেছে রাশিয়া। শুক্রবার বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১২ ঘ.