২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের অসন্তোষের মধ্যেই দালাই লামার সঙ্গে বসছেন ওবামা

চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ওয়াশিংটনের প্রতি বেইজিংয়ের হুঁশিয়ারির পরও দালাই লামার সঙ্গে বৈঠকে বসছেন বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ওয়াশিংটন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ওয়াশিংটনের প্রতি বেইজিংয়ের হুঁশিয়ারির পরও দালাই লামার সঙ্গে বৈঠকে বসছেন বারাক ওবামা। শনিবার ওয়াশিংটন সময় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠেয় এ বৈঠকে তিব্বতের প্রসঙ্গও থাকবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে। তিব্বতকে দেশের অখণ্ড অংশ বলে দাবি করে আসা চীন গত সপ্তাহেই অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে। এক বছরের ব্যবধানে তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এটি হবে দ্বিতীয় বৈঠক। এ দফায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতাদের সঙ্গে দালাই লামার বৈঠক নিয়েও পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। ১০ দিনের সফরে ওয়াশিংটন রয়েছেন দালাই লামা। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার জন বোয়েনার ও সাবেক ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসিসহ কয়েকজন শীর্ষ আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। হোয়াইট হাউজে ওবামার সঙ্গে দালাই লামার বৈঠকটি কমপক্ষে আধ ঘণ্টার হবে এবং বৈঠকে সংবাদ মাধ্যম নিষিদ্ধ থাকবে। শুক্রবার পাঠানো এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, বৈঠকে তিব্বতের সঙ্গে চীনের মতপার্থক্য প্রশমনে দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে চীন সরকারের আলাপ-আলোচনার পক্ষে প্রেসিডেন্ট তার অব্যাহত সমর্থন জানাবেন। তিব্বতের ধর্মীয় স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক ও ভাষাগত নিজস্বতা রক্ষায় এবং তিব্বতিদের মানবাধিকার রক্ষায় প্রেসিডেন্টের জোরালো সমর্থনও আলোচনায় উঠবে। দালাই লামাকে চীন একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে। বেইজিংয়ের ভাষায়, তিনি স্বাধীন তিব্বত প্রতিষ্ঠার জন্য সহিংসতাকে সমর্থন করেন। তবে শান্তিতে নোবেলজয়ী দালাই লামা চীনের অভিযোগ অস্বীকার করে বলে আসছেন, শান্তিপূর্ণ উপায়ে তিব্বতের স্বায়ত্তশাসন চান তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় গত ৯ জুলাই এক বিবৃতিতে বলে, "তিব্বত সম্পর্কিত বিষয়গুলো পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয়। তিব্বত নিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো দেশের বা ব্যক্তির নাক গলানোর দৃঢ়ভাবে বিরোধিতা করে চীন।" দালাই লামার সঙ্গে ওবামার বৈঠকটি এ কারণে স্পর্শকাতর যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ঋণদাতা দেশ চীন। যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের এক ট্রিলিয়ন ডলার চীনের কাছ থেকে নেওয়া, যা আগামী ২ অগাস্টের মধ্যে ফয়সালা করতে হবে ওয়াশিংটনকে। যুক্তরাষ্ট্র ঋণ খেলাপিতে পরিণত হলে ঋণের সুদহার আকাশ ছোঁবে, মার্কিন ডলারের মূল্য পড়ে যাবে যার ফলে বিশ্ব অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। ঋণ নিয়ে ঝামেলায় থাকা যুক্তরাষ্ট্রের পক্ষে চীনকে ক্ষ্যাপানো কঠিন সময় নিয়ে আসতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের পরের বছর ১৯৫০ সালে চীনা সেনারা তিব্বতে অভিযান চালিয়ে দেশটি দখল করে নেয়। তখন থেকে হিমালয় কোলের এ দেশটি চীনের শাসনাধীনে আছে। ১৯৬৯ সালে এক ব্যর্থ অভ্যূত্থানের পর তিব্বত থেকে ভারতে পালিয়ে যান তিব্বতিদের প্রধান নেতা ধর্মীয় গুরু (লামা) দালাই লামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এমআই/১৫২২ ঘ.