ভিয়েনা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে মাটির নিচে বাঙ্কারে সেন্ট্রিফিউজ বসানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র।
ইরানের নতুন এ পদক্ষেপ তাদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরো বাড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
সূত্র জানায়, কোম শহরের কাছে পাহাড়ি অঞ্চলে ফোরদো পরমাণু স্থাপনায় সেন্ট্রিফিউজ বসানোর কাজ চলছে। শিগগিরই সেখানে ইউরেনিয়াম পরিশুদ্ধকরণ যন্ত্রপাতি নিয়ে যাওয়া হবে।
ইরান জুনেই জানিয়েছিলো, তারা এ বছর ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন কাজ নাতাঞ্জ পরমাণু কেন্দ্র সরিয়ে ফোরদোতে নিয়ে যাবে এবং উৎপাদন ক্ষমতা তিনগুণ বাড়াবে।
পশ্চিমা রাষ্ট্রগুলো ফোরদো কেন্দ্র সম্পর্কে জানাতে পারার পর দুই বছর আগে ইরান কেন্দ্রটির কথা স্বীকার করে।
এখানে ইরান গোপনে পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে পশ্চিমা রাষ্ট্রগুলোর অভিযোগ। তবে পরমাণু কেন্দ্রটি এখনও চালু হয়নি।
কূটনৈতিক একটি সূত্র জানায়, "তারা ফোরদোতে সেন্ট্রিফিউজ বসানোর প্রস্তুতি নিচ্ছে।"
পরিশোধিত ইউরেনিয়াম পরমাণু চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর তা আরো উচ্চমাত্রায় পরিশোধন করা হলে পরমাণু অস্ত্র তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে পশ্চিমারাষ্ট্রগুলোর অভিযোগ। তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঠেকাতে ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করছে।
কিন্তু ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪৬ঘ.
bdnews24