ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক খাতে পাকিস্তানকে বিপুল পরিমাণ সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
৮০ কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্র স্থগিত করছে বলে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানের এবিসিকে রোববার জানান হোয়াইট হাউসের চিফ অব স্ট্যাফ বিল ডালে।
সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের আওতায় পাকিস্তানকে বছরে ২০০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।
ডালে বলেন, পাকিস্তান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে আমাদের কিছু সহায়তা স্থগিত করতে হয়েছে।
"গত ২ মে পাকিস্তানে মার্কিন কমান্ডো বাহিনীর অভিযানে আল- কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সেখানে অনেক ঝামেলা দেখা দিয়েছে।"
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জটিলতাপূর্ণ- এ কথা উল্লেখ করে ডালে বলেন, "এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদেরকে দেওয়ার জন্য আমেরিকান জনগণের প্রতিশ্র"ত অর্থের একটা পরিমাণ আমরা আটকে রাখবো।"
যুক্তরাষ্ট্রের তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রায় ৮০ কোটি ডলার সামরিক সহায়তা স্থগিত করা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কংগ্রেস সদস্য এবং পেন্টাগন ও প্রশাসনিক কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানান, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক লাখের বেশি সৈন্য মোতায়েনের জন্য ৩০ কোটি ডলারের পাশাপাশি প্রশিক্ষণ সহায়তা ও সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য দেওয়া অর্থ স্থগিত করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা বলেন, দুদেশের সম্পর্কের উন্নয়ন ঘটলে এবং পাকিস্তান সন্ত্রাসবাদবিরোধী অভিযান আরো জোরদার করলে এ সামরিক সহায়তা ও সরঞ্জাম সরবরাহ আবারো শুরু করা হবে।
তবে পাকিস্তানের কাছে এফ-১৬ এর মতো যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম বিক্রি ও বেসামরিক সহায়তা প্রদানের ক্ষেত্রে এ অর্থ সহায়তা স্থগিতের সিদ্ধান্তের তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।
পাকিস্তানের বাজেটে সামরিক খাতে বরাদ্দের পরিমাণ স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের এ অর্থ সহায়তা বন্ধ হলে তা পাকিস্তানের মোট সামরিক বরাদ্দে খুবই সামান্য প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা।
তবে সার্বিকভাবে সামরিক ব্যয়ে তেমন প্রভাব না পড়লেও এতে সন্ত্রাসবিরোধী অভিযানে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তারা।
কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের কে অ্যালান ক্রোনস্টাডের তথ্য অনুযায়ী, পাকিস্তানে বাজেটে মোট ব্যয়ের এক চতুর্থাংশের মতো ব্যয় হয় সামরিক খাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৪১ ঘ.
bdnews24