২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ আদালত বর্জনের পরিকল্পনা ম্লাদিচের

বসনিয়ার সাবেক সার্ব সেনা প্রধান রাতকো ম্লাদিচ জাতিসংঘের যুদ্ধাপরাধ আদালত বর্জনের পরিকল্পনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

হেগ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসনিয়ার সাবেক সার্ব সেনা প্রধান রাতকো ম্লাদিচ জাতিসংঘের যুদ্ধাপরাধ আদালত বর্জনের পরিকল্পনা করেছেন। সোমবার তার বিরুদ্ধে বসনিয়ায় যুদ্ধকালীন গণহত্যার অভিযোগের শুনানির সময় তিনি আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। গণহত্যার অভিযোগের বিরুদ্ধে স্লাদিচ সোমবার আদালতে আবেদন দাখিল করবেন বলে কথা ছিল। কিন্তু তিনি আবেদন দাখিল করবেন না বলে আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন। স্লাদিচের আইনজীবী মিলোস সালজিক রোববার রয়টার্সকে জানিয়েছেন, জেনারেল স্লাদিচের পক্ষের আইনজীবীদের অনুমোদন না দেওয়ায় সোমবারের শুনানিতে তিনি অংশগ্রহণ করবেন না। তিন বছর সাত মাস বসনিয়ার রাজধানী সারায়েভো অবরোধ করে রাখা এবং ওই সময় সেব্রেনিসায় ইসলাম ধর্মাবলম্বী ৮ হাজার পুরুষ ও বালককে হত্যার জন্য স্লাদিচকে অভিযুক্ত করা হয়েছে। সেব্রেনিসার গণহত্যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সংঘটিত সবচেয়ে ভয়াবহ গণহত্যা। বসনিয়ার যুদ্ধ ১৯৯২ সালে শুরু হয়ে ১৯৯৫ সালে শেষ হয়। ১৬ বছর আত্মগোপন করে থাকার পর চলতি বছরের মে মাসে স্লাদিচকে গ্রেপ্তার করা হয়। এর পরই তাকে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে হস্তান্তর করা হয়। গত ৩ জুন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে স্লাদিচের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের সময় তিনি সব অভিযোগ অস্বীকার করেন। অভিযোগগুলোকে 'আপত্তিকর' ও 'অতিরঞ্জিত' বলে প্রত্যাখান করেন। এএফপির এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, তার আইনজীবী সালজিক বলেছেন, "কারাগার কর্তৃপক্ষকে স্লাদিচ জানিয়েছেন, তিনি সোমবার শুনানিকালে আদালতে উপস্থিত হতে চান না"। "তার পক্ষের আইনজীবীদের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তিনি আদালতে আর উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন", বলেন সালজিক। রাতকো স্লাদিচ তার পক্ষে আদালতে লড়ার জন্য মিলোস সালজিকসহ ও অন্য একজন রুশ আইনজীবীকে চেয়েছেন বলে জানিয়েছেন সালজিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৬ ঘ.