২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্যানেট্টা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিআইএ'র সাবেক প্রধান লিও প্যানেট্টা। ব্যয় সঙ্কোচ সত্ত্বেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে মার্কিন সেনাবাহিনীর অবস্থান ধরে রাখার ঘোষণা দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ওয়াশিংটন, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিআইএ'র সাবেক প্রধান লিও প্যানেট্টা। ব্যয় সঙ্কোচ সত্ত্বেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে মার্কিন সেনাবাহিনীর অবস্থান ধরে রাখার ঘোষণা দেন তিনি। সিআইএ'র পরিচালকের পদ থেকে পদত্যাগের পরদিন শুক্রবার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নেন ৭৩ বছর বয়সী প্যানেট্টা। রবার্ট গেটসের উত্তরসূরি হিসেবে কাজ করবেন তিনি। শপথের পর প্যানেট্টা প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মকর্তা এবং সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন সেনা ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়োজিত মার্কিন সেনাদের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে প্রতিরক্ষা ব্যয় কমিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ১২ বছরে প্রতিরক্ষা ব্যয় ৪০ হাজার কোটি ডলার কমানোর আহ্বান জানিয়েছেন। প্যানেট্টা সিআইএ'র পরিচালক থাকাকালে গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আল- কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন- লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী। এমন একটি সময়ে প্যানেট্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন যখন ইরাক ও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করছে এবং লিবিয়া অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দেশে ও বিদেশে সমালোচনার মুখে রয়েছে ওবামা প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২২২৫ ঘ.