ভিলনিয়াস, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সংস্কার কর্মসূচি শুরুর সময় পেরিয়ে যাচ্ছে। এতে দেরী হলে সিরিয়া আরো সংগঠিত প্রতিরোধ আন্দোলনের মুখে পড়বে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
শুক্রবার লিথুয়ানিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
হিলারি আরো বলেন, কয়েকদিন ধরে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ায় তিনি মর্মাহত। তাছাড়া, বিরোধী পক্ষকে দামেস্কে একটি বৈঠক করতে দেওয়ার যে সিদ্ধান্ত সিরিয়া সরকার নিয়েছে তা লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট নয়।
তিনি বলেন, "এটি স্পষ্ট যে, সিরিয়া সরকারের সময় শেষ হয়ে আসছে। এখন হয় তাদের একটি সত্যিকার রাজনৈতিক প্রক্রিয়া চালু করতে হবে নইলে আরো সংগঠিত প্রতিরোধের মুখোমুখি হতে হবে।"
হিলারির এ সতর্কবার্তার মধ্যেই শুক্রবার ফের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ দেশজুড়ে রাজপথে বিক্ষোভ করেছে এবং ইডলিব প্রদেশে তুর্কির কাছাকাছি একটি পাহাড়ি গ্রামে সেনা হামলায় তিন জন নিহত হয়েছে।
সিরিয়া পর্যবেক্ষণকারী এক মানরবাধিকার গোষ্ঠী জানিয়েছে, এ নিয়ে ওই গ্রামে নিহতের সংখ্যা দাঁড়ালো কমপক্ষে ১৪ জনে।
মানবাধিকার কর্মীরা জানিয়েছে, রাজনৈতিক মুক্তির লক্ষ্যে মার্চ থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থান শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ১ হাজার ৩০০- এর বেশি বেসামরিক লোক হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৬ ঘ.
bdnews24