টোকিও, জুন ৩০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের মধ্যাঞ্চলে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে অন্তত সাত জন আহত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৪।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিলো টোকিও থেকে ১২০ কিলোমিটার দূরে নাগানো জেলায়।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের কারণে বিভিন্ন স্থানে আহত সাত জনকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের আঘাত গুরুতর নয় বলে স্থানীয় অগ্নিনির্বাপন বিভাগের এক কর্মী জানিয়েছেন।
বিশ্বে সংঘটিত ৬ মাত্রার বা ততোধিক মাত্রার ভূমিকম্পের শতকরা ২০ ভাগ জাপানেই হয়।
গত ১১ মার্চ জাপানের উত্তরপূর্ব উপকূলে ৯ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয় যা জাপানে রেকর্ডকৃত ভূমিকম্পের মধ্যে সবচেয়ে মারাত্মক। ওই ভূমিকম্পের পরপরই এক ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত হয় জাপানের উত্তরপূর্ব উপকূলীয় এলাকা।
ভূমিকম্প ও সুনামিতে ২৩ হাজার লোক নিহত বা নিখোঁজ হয়। ক্ষয়ক্ষতির হিসাবে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দূর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে এটি।
ভূমিকম্প বিধ্বস্ত ফুকুশিমা জেলার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে মারাত্মক পরমাণু সঙ্কটেরও সূচনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১২৭ ঘ.
bdnews24