ওয়াশিংটন, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ড। প্রথম নারী হিসেবে এ সংস্থার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তিনি।
আগামী পাঁচ জুলাই থেকে পাঁচ বছরের জন্য আইএমএফ'র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বিদায়ী আইএমএফ প্রধান ডমিনিক স্ট্রস-কানও ছিলেন লগার্ডের স্বদেশী। নিউ ইয়র্কের এক হোটেলকর্মীর যৌন নিপীড়নের অভিযোগের মুখে ১৮ মে পদত্যাগ করেন তিনি।
মঙ্গলবার আইএমএফ'র এক বিবৃতিতে বলা হয়েছে, "নির্বাহী পরিষদ প্রার্থীদের সব তথ্য বিবেচনা করে সর্বসম্মতভাবে লগার্ডকে নির্বাচন করেছে।"
মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অগাস্টিন কারস্টেনস ছিলেন লগার্ডের প্রতিদ্বন্দ্বী। কিন্তু যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল ও রাশিয়া লগার্ডকে সমর্থন দেওয়ায় তার বিজয় নিশ্চিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১২০১ ঘ.
bdnews24