এথেন্স, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গ্রিসে মঙ্গলবার ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিতে পার্লামেন্টে ভোটের প্রস্তুতির মুহূর্তে এ ধর্মঘটে শামিল হয়েছে হাজার হাজার মানুষ।
এথেন্সে পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। ডাক্তার, অ্যম্বুলেন্স চালক, সাংবাদিক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ ধর্মঘটে যোগ দিয়েছে।
ধর্মঘটের কারণে রাজধানীতে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে সরকারের বেশির ভাগ পরিষেবা কার্যক্রম। বন্ধ হয়ে গেছে ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল। ব্যাহত হচ্ছে ট্রেন, বাস এমনকি বিমান চলাচলও।
প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু সোমবার বলেছেন, কেবলমাত্র ২৮ বিলিয়ন-ইউরো ব্যয়সঙ্কোচন পরিকল্পনাই গ্রিসকে আবার অর্থনৈতিক শক্তি সঞ্চয় করে উঠে দাঁড় করাতে পারে।
পাপান্দ্রু এ পরিকল্পনা পাশের জন্য পার্লামেন্টের সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। ভোটে সরকার হেরে গেলে ইইউ আইএমএফ গ্রিসকে ১২ বিলিয়ন অর্থ ঋণ সহায়তা দেওয়া স্থগিত করে রাখতে পারে।
আর বিলটি পাশ হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২য় কিস্তিতে বেইল আউট প্যাকেজের ১২ বিলিয়ন ইউরো পাবে গ্রিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ ঘ.
bdnews24