ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ হিসাবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও বিট্রেনের ১০টি লক্ষ্যস্থলে সিরিজ হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবানরা।
আল আরাবিয়ায় প্রচারিত এক ভিডিওটেপে পাকিস্তানের তালেবান দল 'তেহরিক-ই-তালেবান পাকিস্তান' (টিটিপি) এর উপ নেতা ওয়ালি-উর-রেহমান এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে 'দ্য ডেইলি মেইল' পত্রিকা। রোববার ভিডিওটি প্রচারিত হয়েছে।
রেহমানের উদ্ধৃতি দিয়ে মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, "শিগগিরই আপনারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোভূক্ত দেশগুলোতে হামলা প্রত্যক্ষ করবেন। আর ইউরোপে হামলার ক্ষেত্রে আমরা প্রথমেই প্রাধান্য দেবো ব্রিটেন এবং ফ্রান্সকে।"
ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি এ তালেবান নেতা দুই পাশে সশস্ত্র অনুচর নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন। এরপর তিনি পাহাড়ের ওপর একটি কম্বলে বসে টিটিপি'র পরিকল্পনা ব্যাখ্যা করেন।
তিনি বলেন, "বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতে আমরা ১০টি লক্ষ্য নির্ধারণ করেছি।" আর পাকিস্তানের করাচিতে একটি নৌ ঘাঁটিতে হামলা বিন লাদেন হত্যার প্রথম প্রতিশোধ ছিল জানান তিনি।
মেইলের প্রতিবেদনে বলা হয়, আফগান তালেবান নেতা মোল্লা মোহাম্মাদ ওমরের অনুগত তেহরিক-ই-তালেবান (টিটিপি) বা 'তালেবান মুভমেন্ট অব পাকিস্তান' কে দেশজুড়ে বহু আত্মঘাতী হামলার জন্য দায়ী করা হয়ে থাকে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আফগান সীমান্তবর্তী এলাকায় সেনা অভিযান সত্ত্বেও দলটি এখনো মারাত্মক বিপজ্জনক।
যদিও পশ্চিমা দেশগুলোতে শক্তিশালী কোনো হামলা চালানোর সক্ষমতা দলটি এখনো দেখাতে পারেনি।
যুক্তরাষ্ট্রে টিটিপি'র হামলা চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। গত বছর নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের ব্যর্থ গাড়ি বোমা হামলা প্রচেষ্টার দায় স্বীকার করেছে দলটি।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ দাবিকে আমলে নিয়ে দলটিকে বিদেশি সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভূক্ত করেছে।
ওদিকে, পাকিস্তানে তালেবান বিরোধী একটি ইউনিটে কর্মরত ১৮ জন সামরিক প্রশিক্ষককে ' নিরাপত্তা উদ্বেগ'র কারণে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন।
তালেবানের সর্বসাম্প্রতিক এ হুমকির সঙ্গে প্রশিক্ষক প্রত্যাহার করে নেওয়ার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, ২ মে পাকিস্তানের শহর অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৩ ঘ.
bdnews24