ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নানা অনুষ্ঠানে পপসম্রাট মাইকেল জ্যাকসনকে স্মরণ করছে ভক্ত-অনুরাগীরা।
২০০৯ সালের ২৫ জুন অতিরিক্ত ঘুমের ও ব্যথার ওষুধ সেবনে মারা যান এ সঙ্গীততারকা। ব্যক্তিগত চিকিৎকের পরামর্শে তিনি এ ওষুধ নেন- এটা বলা হলেও তার মৃত্যু এখনো রহস্যময়।
পপসম্রাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্বজুড়ে ছোটবড় অসংখ্য অনুষ্ঠান হচ্ছে।
এরকম এক অনুষ্ঠানে ভক্তরা শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে গ্যারি এলাকায় জ্যাকসনের শৈশবকালীন বাসভবনে মিলিত হয়ে সেখানে মোমবাতি প্রজ্বলন করবে।
বিখ্যাত সঙ্গীত শিল্পীদের ব্যবহার্য জিনিসপত্র নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ান অকশনস'র ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে তারা জ্যাকসনের ব্যবহৃত একটি লাল জ্যাকেট নিলামে তুলবে। মিউজিক ভিডিও থ্রিলারে এ জ্যাকেটটি পরেছিলেন জ্যাকসন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডার টরন্টোতে ১২তম বার্ষিক আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস (আইআইএফএ) এ ভারতীয় শিল্পী সনু নিগম ও মাইকেল জ্যাকসনের বড়ভাই জারমেইন জ্যাকসন একত্রে গান করবেন।
মাইকেল জ্যাকসনের স্মৃতির প্রতি নিবেদিত গানটি সনুর লেখা। জ্যাকসন পরিবারের সদস্যরা গানটি পছন্দ করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মাইকেল যোসেফ জ্যাকসনের জন্ম ১৯৫৮ সালের ২৯ অগাস্ট। গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুয়ায়ী, তিনি সর্বকালের সবচেয়ে সফল 'এন্টারটেইনার'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24