আম্মান, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। এ সময় তারা স্লোগান দেয়- 'এ সরকার অবৈধ'।
আন্দোলনকারীদের 'সমন্বয় কমিটি' দাবি করেছে, বাণিজ্যক এলাকা হোমস-এ পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ১৪ জন নিহত হয়। এছাড়া কুশায়ের শহরে নিহত হয় আরেকজন।
অবশ্য সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
বিক্ষোভের খবর পাওয়া গেছে পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকেও। দেরায় বিক্ষোভকারীরা আসাদের সংস্কার ও জাতীয় সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পদত্যাগের দাবিতে মিছিল করেছে।
এদিকে তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি জানিয়েছে, সিরিয়া থেকে বৃহস্পতিবার তুরস্কে পালিয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ।
গত মার্চে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে সিরিয়ায় এ পর্যন্ত অন্তত ১৩ শ' মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আসাদ সরকার কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৫৩ ঘ.
bdnews24