২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর সীমান্তে বাণিজ্য, ভ্রমণ বাড়াতে রাজি ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তান বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের এপার-ওপারে বাণিজ্য ও ভ্রমণ বাড়ানোসহ পরমাণু ইস্যুতে পরাস্পরিক আস্থা বিনির্মাণে একমত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ইসলামাবাদ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত ও পাকিস্তান বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের এপার-ওপারে বাণিজ্য ও ভ্রমণ বাড়ানোসহ পরমাণু ইস্যুতে পরাস্পরিক আস্থা বিনির্মাণে একমত হয়েছে। ইসলামাবাদে পররাষ্ট্র সচিব পর্যায়ের দুদিনব্যাপী বৈঠক শেষে শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, দু'দেশ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন প্রবেশপথ খুলে দেওয়া এবং ভবিষ্যতে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সব বিতর্কিত ইস্যুর সমাধান খুঁজতে রাজি হয়েছে। পাকিস্তানের 'দ্য নেশন' ও 'ডন' পত্রিকা জানায়, উভয়পক্ষ পরস্পরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা থেকে বিরত থাকতেও রাজি হয়েছে। বিতর্কিত কাশ্মীর ইস্যু নিয়ে আড়াইবছরের মধ্যে বৃহস্পতিবার প্রথম এ আনুষ্ঠানিক বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশির আলোচনা করেন। এ আলোচনা হয়েছে গঠনমূলক এবং সৌহার্দপূর্ণ। বৈঠকে অপ্রত্যাশিত অগ্রগতি হয়েছে। দু'দেশ যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেছে দুই দেশের পররাষ্ট্র সচিবকে। যা আগে থেকে নির্ধারিত ছিলো না। বিবৃতিতে দুই দেশের পররাষ্ট্রসচিব বলেন, ভারত ও পাকিস্তান তাদের পরমাণু ও প্রচলিত অস্ত্র ইস্যুতে পারস্পরিক আস্থা গড়ে তোলার জন্য কাজ করে যাবে। দু'দেশের মধ্যে আস্থা ও বিশ্বাস গড়ে তোলা এবং শান্তি ও নিরাপত্তায় অগ্রগতির জন্য অতিরিক্ত পদক্ষেপ নিতে বিশেষজ্ঞদের একটি বৈঠক হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তাছাড়া, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বাণিজ্য ও ভ্রমণ বাড়ানোর জন্য বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক করতেও দুই পররাষ্ট্রসচিব রাজি হয়েছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। সংবাদ সম্মেলনে রাও বলেছেন, "আমাদের জম্মু ও কাশ্মীরের জনগণকে একে অপরের সঙ্গে যোগযোগ, ভ্রমণ এবং বাণিজ্য করতে দিতে সহয়তা করা উচিত।" জম্মু-কাশ্মীর ছাড়াও সন্ত্রাস ও নিরাপত্তা ইস্যু নিয়ে দুই সচিব আলোচনা করেছেন। এ বৈঠকের মধ্য দিয়ে আগামী মাসে পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পট প্রস্তুত হলো। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই বিরোধপূর্ণ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিভক্ত হয়ে পড়ে। কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যে দুবার যুদ্ধও হয়েছে। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়ে। এ বছর ফেব্রুয়ারিতে দেশ দুটি আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা পুনরায় শুরু করে। সম্প্রতি কয়েকমাসে দু'দেশের মধ্যে ধীরে ধীরে সম্পর্কোন্নতি ঘটেছে। মার্চে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির একসঙ্গে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার মধ্য দিয়ে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১২ ঘ.