তুরস্ক, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়া থেকে বৃহস্পতিবার তুরস্কে পালিয়েছে ১৫শ'রও বেশি মানুষ। তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাতোলি বার্তা সংস্থা একথা জানিয়েছে।
সরকার বিরোধী বিক্ষোভকারীদের হঠাতে তুরস্ক সীমান্তে সিরিয়ার সেনাবাহিনী মোতায়েন হওয়ায় শরণার্র্থীর সংখ্যা বাড়ছে।
হাতায় প্রদেশের সরকার শুক্রবার জানিয়েছে, অস্থায়ী শরণার্থী শিবিরগুলোতে মোট নিবন্ধিত শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৩৯ জনে। একদিন আগে এ সংখ্যা ছিলো ১০ হাজার ২২৪ জন।
সিরিয়ার সীমান্ত এলাকায় অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া মানুষেরা বৃহস্পতিবার সেনা মোতায়েন হতে দেখে তুরস্কে পালিয়েছে।
তুরস্ক সীমান্তের গুভেসি গ্রাম থেকে রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, সীমান্ত বেষ্টনীর অপরপারের শিবিরগুলো শুক্রবার পুরোপুরি খালি মনে হয়েছে এবং কোনো মানুষকেও সীমান্ত পেরুতে দেখা যায়নি।
সিরিয়ার সেনারা বৃহস্পতিবার তুরস্ক সীমান্তের কাছে অবস্থান নেয়। রাস্তা পাহারায় থাকে সাঁজোয়া যান। তবে শুক্রবার কম সংখ্যক সেনা দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৬৪৬ ঘ.
bdnews24