ইসলামাবাদ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারত ও পাকিস্তান বৃহস্পতিবার ইসলামাবাদে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা শুরু করেছে।
বিতর্কিত কাশ্মীর ইস্যু নিয়ে আড়াইবছরের মধ্যে এই প্রথম আনুষ্ঠানিক আলোচনায় বসেছে দু'দেশ।
ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাওয়ের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশিরের দুদিন এ আলোচনা চলবে।
এর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে আস্থা গড়ে তোলায় আশাবাদী ভারত। কাশ্মীর ও নিরাপত্তা ইস্যুতে দু দেশের মধ্যে আস্থার ঘাটতি পূরণের পথ খোঁজাই আলোচনার লক্ষ্য।
পাকিস্তানে পৌঁছেই নিরুপমা রাও বলেন, "দু'দেশের মধ্যে আস্থা গড়তে খোলা মন ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি পাকিস্তানে এসেছি।"
আলোচ্যসূচিতে রয়েছে সন্ত্রাস, নিরাপত্তা, ও জম্মু-কাশ্মীর ইস্যু। এর মধ্য দিয়েই আগামী মাসে পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পট প্রস্তুত হবে।
দুই পররাষ্ট্রসচিব কাশ্মীর নিয়ে আলোচনা করবেন। বিরোধপূর্ণ এ অঞ্চলটি নিয়ে ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই দু'দেশ বিভক্ত হয়ে পড়েছে। কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যে দুবার লড়াই হয়েছে।
২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। এ বছর ফেব্রুয়ারিতে দেশ দুটি আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা পুনরায় শুরু করে।
সম্প্রতি কয়েকমাসে দু'দেশের মধ্যে ধীরে ধীরে সম্পর্কোন্নতি ঘটেছে।
মার্চে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির একসঙ্গে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার মধ্য দিয়ে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়।
তবে আলোচনা সম্পর্কে ভারতের এক সূত্র বলেছেন, "বাস্তবসম্মত প্রত্যাশা আমাদের। তড়িৎ ও নাটকীয় কোনো সমাধান প্রত্যাশা করা উচিত হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৫৫ ঘ.
bdnews24