২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পাকিস্তানে ব্রিগেডিয়ার গ্রেপ্তার

পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

পাকিস্তান, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। গত এক দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত সর্বচ্চো পদমর্যাদার একজন কর্মকর্তা গ্রেপ্তার হলেন। সেনাবাহিনীর মেজর জেনারেল আতহার আব্বাস মঙ্গলবার জানিয়েছেন, ব্রিগেডিয়ার আলী খানকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজব-উল-তাহরির এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত মাসে আটক করা হয়। তিনি প্রশাসনিক একটি পদে ছিলেন এবং সেনা অভিযানে তিনি নিয়োজিত ছিলেন না। অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনীতে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল সন্দেহভাজন কর্মকর্তাদের খুঁজে বের করা নিয়ে ইসলামাবাদের ওপর ক্রমবর্ধমান মার্কিন চাপের প্রেক্ষাপটে আলী গ্রেপ্তার হলেন। বিন লাদেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীরই কোনো না কোনো সদস্যের সহায়তায় লুকিয়ে ছিলেন বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আতহার আব্বাস বলেন, হিজব-উল তাহরির এর অন্যান্য সদস্যদেরও হদিস বের করার চেষ্টা চলছে। ব্রিগেডিয়ার আলীর সঙ্গে এ দলটির যোগাযোগ ছিলো। তিনি বলেন, "আমরা সেনাবাহিনীতে এ ধরনের কর্মকাণ্ড সহ্য না করার নীতি নিয়েছি। আর সে কারণেই এদেরকে খুঁজে বের করার আশু ব্যবস্থা নেওয়া হয়েছে।" ওদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার আলীর কোনোরকম চক্রান্তে জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, " নিষিদ্ধ দলটির সঙ্গে তার (আলী খান) যোগাযোগ ছিলো মাত্র। কিন্তু তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না।" আলীর স্ত্রী আঞ্জুমও তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, "সব জেনারেলই ব্রিগেডিয়ার আলী খানকে চেনে। এমনকি সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানিও তাকে চেনেন। আমরা সেনাবাহিনী এবং দেশের সঙ্গে তার এমন বিশ্বাসঘাতকতা করার কথা চিন্তাও করতে পারি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/২২০৯ ঘ.