২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরোক্কোয় আরো সংস্কারের দাবিতে বিক্ষোভ

মরক্কোয় আরো সংবিধান সংস্কারের দাবিতে রোববার কাসাব্লাঙ্কায় কয়েক হাজার মানুষ মিছিল করেছে। বাদশাহ মোহাম্মেদ প্রস্তাবিত সংবিধান সংস্কার যথেষ্ট নয় অভিযোগে বিক্ষোভ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

কাসাব্লাঙ্কা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মরক্কোয় আরো সংবিধান সংস্কারের দাবিতে রোববার কাসাব্লাঙ্কায় কয়েক হাজার মানুষ মিছিল করেছে। বাদশাহ মোহাম্মেদ প্রস্তাবিত সংবিধান সংস্কার যথেষ্ট নয় অভিযোগে বিক্ষোভ করেছে তারা। আরব বিশ্বে গণআন্দোলনে অনুপ্রাণিত হয়ে মরোক্কোয় বেশ কয়েকটি বিক্ষোভ হওয়ার পর শুক্রবার দেশটির বাদশাহ কিছু ক্ষমতা পার্লামেন্টের হাতে হস্তান্তরের ঘোষণা দেন। আর সংস্কার কর্মসূচি নিয়ে পহেলা জুলাই গণভোট অনুষ্ঠানেরও ঘোষণা দেন তিনি। কিন্তু এ পরিবর্তন ঘটলেও নিরাপত্তা, সেনাবাহিনী ও ধর্মীয় বিষয়গুলো বাদশাহর নিয়ন্ত্রণেই থেকে যাবে। আর এতেই অসন্তোষ প্রকাশ করেছে বাদশাহর বিরোধীরা। বিশেষ করে যারা বাদশাহর সব নির্বাহী ক্ষমতা নির্বাচিত কর্মকর্তাদের হাতে হস্তান্তরের পক্ষে তারা এেেত হতাশ হয়েছে। রোববারের বিক্ষোভের এক আয়োজক আজিজ ইয়কুবি বলেন, "প্রস্তাবিত সংবিধান নাকচ করতেই আমরা এখানে জড়ো হয়েছি। এ সংস্কারের পরও সব ক্ষমতা বাদশার হাতেই থাকবে। তিনি রাস্তার জনগণের দাবি শোনেননি।" বিক্ষোভকারীরা কাসাব্লাঙ্কার দার্ব সুলতান জেলায় মিছিল করে। এসময় তাদের হাতে 'দাস বানানোর সংবিধান চাই না!' এবং 'স্বৈরাচারী সংবিধান চাই না' লেখা প্ল্যাকার্ড ছিলো। এতে প্রায় ১০ হাজার লোক অংশ নিয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের প্রতিবেদক জানিয়েছেন। তবে সংগঠকরা ২০ হাজার লোকের অংশগহণ দাবি করেছে। ওদিকে, মিছিলে আড়াই হাজারের মতো লোক অংশ নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছে। একইসঙ্গে এসব ব্যক্তি নিষিদ্ধ একটি ইসলামি গ্রুপের সদস্য বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১৬ ঘ.