২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তরুণ হত্যা: রেঞ্জার্সের ৬ সদস্য জেলে

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদস্যদের গুলিতে নিরস্ত্র তরুণ সরফরাজ শাহ'র মৃত্যুর ঘটনায় পাকিস্তান রেঞ্জার্সের ৬ সদস্যের বিরুদ্ধে শুক্রবার চার্জশীট দাখিল করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

করাচি, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদস্যদের গুলিতে নিরস্ত্র তরুণ সরফরাজ শাহ'র মৃত্যুর ঘটনায় পাকিস্তান রেঞ্জার্সের ৬ সদস্যের বিরুদ্ধে শুক্রবার চার্জশীট দাখিল করেছে পুলিশ। পুলিশ হেফাজতে থাকা আধাসামরিক বাহিনীর এই সদস্যদের জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় আইনজীবী আলশাদ ইকবাল চেমা। তিনি বলেন, "পুলিশ তাদের তদন্ত রিপোর্ট আমার কাছে জমা দিয়েছে। এটি এখন খতিয়ে দেখা হবে এবং আদালতে জমা দেওয়া হবে। এরপর সন্ত্রাসবিরোধী আদালতে বিচারকাজ শুরু হবে।" সীমান্ত ও বন রক্ষায় নিয়োজিত আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা বুধবার করাচির বেনজির ভুট্টো পার্কের পাশে গুলি করে হত্যা করে সরফরাজ শাহকে (২২)। পাকিস্তানের আওয়াজ টেলিভিশন চ্যানেলের এক ভিডিওচিত্রগ্রাহক ওই হত্যাকা-ের ভিডিওচিত্র ধারণ করেন। পরে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওচিত্রে দেখা যায়, নিরস্ত্র সরফরাজকে চুল ধরে রেঞ্জার্স সদস্যদের কাছে ধরে নিয়ে আসে সাদা পোশাকের এক ব্যক্তি। তাকে ঘিরে রাইফেল তাক করে রেঞ্জার্স সদস্যরা। বাঁচার জন্য কাকুতি-মিনতি করে তরুণটি। কিন্তু রেঞ্জার্স সদস্যের গুলিতে মাটিয়ে লুটিয়ে পড়ে সে। রক্তাক্ত অবস্থায় সেনাদের সাহায্য চায় তরুণটি। কিন্তু সে অচেতন হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ওই তরুণের করুণ পরিণতি দেখে তারা। ডাকাতির উদ্দেশ্যে তরুণটি পার্কে ঘুরাঘুরি করছিলো বলে দাবি করে রেঞ্জার্স। কিন্তু ওই অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে এ হত্যাকা-ের ন্যায়বিচার দাবি করেছে সরফরাজের পরিবার। এ ঘটনায় রেঞ্জার্স সদস্য শহীদ জাফর ও মুহাম্মেদ আফজালকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। সরফরাজকে রেঞ্জার্স সদস্যদের কাছে ধরিয়ে দেওয়া সাদা পোশাকের ব্যক্তি আফসার খানকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ শুক্রবার সিন্ধু প্রদেশের আধাসামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আইজাজ চৌধুরী ও পুলিশ প্রধান ফয়াজ লেঘারিকে তাদের পদ থেকে অপসারণের জন্য সরকারের প্রতি নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/এলকিউ/২২১৫ ঘ.