২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের টিকার জন্য ৪৩০ কোটি ডলার দেবে দাতারা

দরিদ্র দেশগুলোতে শিশুদের টিকা দান কর্মসূচি পরিচালনার জন্য চারশ' ৩০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে দাতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

লন্ডন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দরিদ্র দেশগুলোতে শিশুদের টিকা দান কর্মসূচি পরিচালনার জন্য চারশ' ৩০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে দাতারা। ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো বেশ কয়েকটি রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের এসব টিকা দেওয়া হয়। দ্য গ্লোবাল অ্যালায়েন্স অন ভ্যাকসিন অ্যান্ড ইমুনাইজেশন (জিএভিআই) বলেছে, এ তহবিলের আওতায় ২০১৫ সাল নাগাদ ২৫ কোটি শিশুকে টিকা দেওয়া যাবে এবং চার বছরে ৪০ লাখের বেশি শিশুর জীবন বাঁচবে। লন্ডনে অনুষ্ঠিত দাতাদের এই সম্মেলনে জিএভিআই'র প্রত্যাশিত তিনশ' ৭০ কোটি ডলারের চেয়ে ৬০ কোটি ডলার বেশি দিতে রাজি হয়েছে দাতা গোষ্ঠী। এ কর্মসূচির জন্য যুক্তরাজ্য দেবে একশ' ৩০ কোটি ডলার। আর সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস দেবেন একশ' কোটি ডলার। অন্যদের মধ্যে নরওয়ে ৬৭ কোটি ২০ লাখ এবং যুক্তরাষ্ট্র ৪৫ কোটি ডলার দিতে রাজি হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন ও নেদারল্যান্ডস এ খাতে সহায়তা দিতে চেয়েছে। সম্মেলনে অংশ নেওয়া লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ বলেন, "অনুন্নত দেশের শিশুদের সুরক্ষায় আমাদের সম্মিলিত অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আজ। টিকা দিয়ে প্রতিরোধযোগ্য রোগে এখনো বিশ্বে প্রতি ২০ সেকেন্ডে একটি শিশু মারা যাচ্ছে। এক্ষেত্রে আরো অনেক কিছু করার আছে।" বিল গেটস বলেন, "ইতিহাসে প্রথমবারের মতো উন্নয়নশীল দেশের শিশুরাও ধনী দেশের শিশুদের মতো টিকা পাবে।" জিএভিআই বলেছে, গত দশকে টিকা দান কর্মসূচির মাধ্যমে পাঁচ কোটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০০১২ ঘ.