ওয়েলিংটন, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ডের ভূমিকম্পপ্রবণ শহর ক্রাইস্টচার্চে সোমবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ধারাবাহিক কয়েকটি কম্পনে কেঁপে ওঠে শহরটি। এতে একটি ভবন ধ্বসে পড়ে ছয়জন আহত হয়েছে।
ভুমিকম্পে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে নিচে নেমে আসে বলে জানা গেছে।
নিউজিল্যান্ডের জিএনএস ইন্সস্টিটিউট জানায়, কয়েকটি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।
স্থানীয় সময় ২টা ২০ মিনিটে ওই ভূমিকম্পটি হয়।
এ ছাড়া ৪.৩ মাত্রার বেশি আরো চার দফা ভূমিকম্প হয় বলে জিএনএস জানায়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল শহরটির পূর্বে দক্ষিণপূর্বাঞ্চলে চার মাইল দূরে মাটির ৫ দশমিক ৬ মাইল গভীরে বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।
মাত্র চারমাস আগে ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পের ১৮১ জন মানুষ নিহত হয়। এ ছাড়া ওই ঘটনায় শহরের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৬ ঘ.
bdnews24