২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্বের ১৫ ভাগ মানুষ প্রতিবন্ধী'

বিশ্বে বর্তমানে প্রতিবন্ধীর সংখ্যা ১শ' কোটি। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৫ ভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে বর্তমানে প্রতিবন্ধীর সংখ্যা ১শ' কোটি। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৫ ভাগ। প্রতিবন্ধী বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বব্যাংকের উদ্যোগে করা বিশ্বের প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদনে বরাত দিয়ে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা এ খবর জানায়। এতে বলা হয়, এখনও পর্যন্ত প্রতিবন্ধীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। তারা স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান থেকেও পিছিয়ে রয়েছে। প্রতি পাঁচজনে একজন প্রতিবন্ধিত্বের শিকার হয় বলেও এতে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, উন্নত দেশগুলোতে প্রতিবন্ধীরা চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে অন্যান্য সাধারণ মানুষের তুলনায় তিনগুণ বেশি অবহেলিত। আর সাধারণ শিশুদের তুলনায় প্রতিবন্ধী শিশুরা দেরিতে স্কুলে ভর্তি হয় বা তাড়াতাড়ি ঝরে যায়। চাকরির ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে প্রতিবন্ধীরা। সাধারণ জনগণের মধ্যে কর্মসংস্থানের হার যেখানে ৭৫ শতাংশ সেখানে প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ হার ৪৪ শতাংশ। আর এসব ক্ষেত্রে বাধা হলো লজ্জা, বৈষম্য, পর্যাপ্ত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবার অভাব এবং পরিবহন, ভবন ও তথ্য ব্যবহারে সমস্যা। এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোতে অবস্থা আরো খারাপ। এই প্রতিবেদন লেখকদের মধ্যে অন্যতম টম শেক্সপিয়ার বলেন, "প্রতিবন্ধীদের দরিদ্র ভাবার বা বাদ দেওয়ার প্রয়োজন নেই। তাদের বিচ্ছিন্ন করার প্রয়োজন নেই। তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করারও প্রয়োজন নেই।" টমের মতে, স্বাস্থ্য ব্যবস্থায় বৈষম্য বিষয়টি হলো এই প্রতিবেদন থেকে পাওয়া সবচেয়ে 'কষ্টদায়ক ও শক্তিশালী' সত্য। লঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক এমারসন বলেন, প্রতিবেদন থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রাপ্ত তথ্য বিস্ময়কর নয়। অ্যাকশন অন ডিজঅ্যাবিলিট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনালের টিম ওয়েনরাইট বেলর, "প্রতিবেদনের সংখ্যার দিকটি স্পষ্ট থাকায় আমরা একে স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনটি এটাই নিশ্চিত করে যে প্রতিবন্ধীরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১৭ ঘ.