ওয়াশিংটন, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জনসমর্থন একলাফে বাড়লেও এখন অর্থনীতির প্রশ্নে নতুন করে তার সমর্থন কমে এসেছে।
ওবামা যেভাবে অর্থনীতি নিয়ন্ত্রণ করছেন তাতে আস্থা নেই দেশবাসীর। তাছাড়া, অর্থনীতি পুনরুদ্ধারে ধীরগতির ফলে সৃষ্ট হতাশার মধ্যে বাজেট ঘাটতি আবার উচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট ও এবিসি প্রকাশিত এক নতুন জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
ওবামার অর্থনীতি নিয়ন্ত্রণে অনাস্থা প্রকাশ করেছে ৫৯ শতাংশ মানুষ । এক মাস আগে এ হার ছিল ৫৫ শতাংশ।
ওদিকে ওবামার ঘাটতি বাজেট পরিকল্পনা সমর্থন করেছেন ৩৩ শতাংশ মানুষ। এপ্রিলের তুলনায় এ হার ৬ পয়েন্ট কম।
দেশের অর্থনৈতিক অবস্থা প্রেসিডেন্টের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০১২ সালের নির্বাচনে ওবামার সাফল্য নির্ভর করতে পারে তার অর্থনৈতিক কৌশলের সফলতার ওপর।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জরিপে গ্যাসের উচ্চ মূল্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেকারত্বের হার বাড়তে থাকায় জনগণের নেতিবাচক মনোভাবের চিত্র ফুটে উঠেছে।
জরিপে ৮৯ শতাংশ মার্কিনি জানিয়েছে, অর্থনীতি ভাল অবস্থায় নেই, ৫৭ শতাংশ বলেছে, অর্থনৈতিক পুনর্গঠন এখনো শুরু হয়নি এবং ৬৬ শতাংশ মার্কিনির মতে, যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ভুল পথে চলছে।
২ জুন থেকে ৫ জুন পর্যন্ত ১ হাজার ২০০ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপ চালিয়ে এ ফল পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৭ঘ.
bdnews24