২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন: আল কায়েদা নিয়ন্ত্রিত শহরে তুমুল লড়াই, নিহত ২৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল কায়েদা নিয়ন্ত্রিত জিনজিবার শহরে লড়াই ছড়িয়ে পড়ছে। নিহত হয়েছে অন্তত ২৫ জন। স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

সানা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল কায়েদা নিয়ন্ত্রিত জিনজিবার শহরে লড়াই ছড়িয়ে পড়ছে। নিহত হয়েছে অন্তত ২৫ জন। স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ওয়াশিংটন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানোর পর লড়াই আরো তীব্র হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, লড়াইয়ে ইতোমধ্যেই ১৫ সেনাসহ ১০ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, জিনজিবার দখলের জোর লড়াইয়ে লিপ্ত হয়েছে স্থানীয়রাসহ ইয়েমেনের সেনারা। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ওদিকে, প্রেসিডেন্ট প্রাসাদে গোলা হামলায় আহত হয়ে সালেহ চিকিৎসার জন্য সৌদি আরবে থাকায় ইয়েমেনে অন্যের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাকে পদচ্যুত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের শক্তিধর দেশগুলো এ মুহূর্তে ইয়েমেনে আল কায়েদার তৎপরতা বেড়ে গিয়ে প্রতিবেশী দেশগুলো কয়েকগুণ বেশি হুমকির সম্মুখীন হয়ে পড়ার আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার ইয়েমেনে যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ ও নিয়মমাফিক ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। এর মধ্য দিয়েই সবচেয়ে ভালোভাবে জনগণের স্বার্থ রক্ষা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ইয়েমেনের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট আবু-রাব্বু মনসুর হাদি বলেছেন, সালেহ কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন। কিন্ত এ ব্যাপাওে সৌদি আরবের অবস্থানটাই এখন চূড়ান্ত হয়ে দাঁড়াতে পারে। সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, তারা সালেহর ইয়েমেনে ফেরা বা না ফেরার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না। কিন্তু সালেহর পদত্যাগ নিশ্চিত করতে আবারো আরব দেশগুলোর ক্ষমতা হস্তান্তর চুক্তির অবতারণা চাইতে পারে পশ্চিমা দেশগুলো। ইয়েমেনি বিশ্লেষক রবার্ট পাওয়েল বলছেন, ইয়েমেন থেকে সালেহ'র এ বিদায় সম্ভবত স্থায়ীই হবে। কারণ, সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও সালেহকে সৌদি আরবে থেকে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। কারণ ইয়েমেনে সালেহ এর প্রত্যাবর্তন বিপর্যয় ডেকে আনবে বলেই মনে করছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৯ ঘ.