সিঙ্গাপুর, ০৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেনকে হত্যার পরও আল কায়েদা এবং এর সঙ্গে সম্পর্কিত দলগুলো এখনও বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে জানিয়েছেন ইন্টারপোলের প্রধান রোনাল্ড নোবেল।
বিমান পরিবহন ও অন্যান্য গণপরিবহনগুলোই প্রধানত হামলার শঙ্কার মধ্যে আছে বলে জানিয়েছেন তিনি।
সিঙ্গাপুরে মঙ্গলবার বিমান পরিবহন সংক্রান্ত এক বৈঠক চলার ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান নোবেল।
তিনি বলেন, সন্ত্রাসবাদীরা ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বলে তাদের শনাক্ত করা কঠিন।
"বিন লাদেন হত্যার আগে থেকেই আল কায়েদা ও এর অনুমোদিত সন্ত্রাসবাদী দলগুলো বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ছিল, আমি মনে করি লাদেন হত্যার পরও তার অনুসারীরা বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে আছে", বলেন তিনি।
বিমান পরিবহন এবং বিমান শিল্প ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদীদের হামলার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
খোয়া যাওয়া বা চুরি হওয়া পাসপোর্টকে তিনি সবচেয়ে উদ্বেগের ব্যাপার বলে মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, অনেক দেশই চুরি যাওয়া বা খোয়া যাওয়া পাসপোর্টের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে না বা সেগুলো যাত্রীদের সঙ্গে মিলিয়ে দেখে না।
তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলো ২০১০ সালে ৪৯ কোটি পাসপোর্ট পরীক্ষা করে ৪০ হাজার পাসপোর্ট খোয়া যাওয়া বা চুরি যাওয়া বলে শনাক্ত করেছে।
তিনি জানান, ইন্টারপোলের তথ্যভান্ডারে ১ কোটি ৬০ লাখ নিখোঁজ পাসপোর্ট এবং ১ কোটি ২০ লাখ খোয়া যাওয়া জাতীয় পরিচয় পত্রের বিস্তারিত তথ্য আছে।
এভাবে সন্ত্রাসীরা অবাধে এক দেশ থেকে আর এক দেশে যেতে পারে যা বিশ্বের সব দেশের জন্যই উদ্বেগজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫২ঘ.
bdnews24