২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্কুর থেকে ই.কোলাই সংক্রমণ জার্মানিতে

জার্মানিতে উৎপাদিত সিম কিংবা এ ধরনের সব্জির অঙ্কুর থেকে ঘাতক ব্যকটেরিয়া ই.কোলাই সংক্রমণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

হামবুর্গ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানিতে উৎপাদিত সিম কিংবা এ ধরনের সব্জির অঙ্কুর থেকে ঘাতক ব্যকটেরিয়া ই.কোলাই সংক্রমণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার জার্মানির লোয়ার স্যাক্সোনি রাজ্যের কৃষিমন্ত্রী গেয়ার্ট লিন্ডারম্যান ই.কোলাই এর উৎস সম্পর্কে এ নতুন তথ্য জানান। জার্মানির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজ্যের উয়েলজেন জেলায় এক কৃষি খামারে এ সংক্রামক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। খামারটি হামবুর্গের ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিয়েনেনবুয়েটেল শহরের কাছে। ইতোমধ্যেই খামারটি বন্ধ করা হয়েছে। তবে এ খামারই যে ইকোলাই ব্যাকটেরিয়ার একমাত্র উৎস এমনটা নিশ্চিত করতে পারছেন না জার্মান কর্মকর্তারা। ই.কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণে ইতোমধ্যেই ২২ জন মারা গেছে। এর মধ্যে ২১ জন জার্মানিতে এবং একজন সুইডেনে মারা গেছেন। রোগাক্রান্ত হয়েছেন আরো অন্তত ২ হাজার ২শ জন। জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গে তিন সপ্তাহ আগে প্রথম ই.কোলাই সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্যমন্ত্রী ডেনিয়েল বার বলেছেন, তারা ক্রমাগত বাড়তে থাকা রোগীর সংখ্যার সঙ্গে চিকিৎসা সঙ্কুলানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লিন্ডারম্যান বলেন, "আমরা সত্যিই বড় বিপদের মধ্যে আছি।" তিনি আরো বলেন, শুধু সিমের অঙ্কুরই নয়, মুলার অঙ্কুরসহ আরো বিভিন্ন তরি-তরকারির অঙ্কুরও হতে পারে ই.কোলাই ব্যাকটেরিয়ার উৎস। এর আগে কর্মকর্তারা টমেটো, শসা ও লেটুস খাওয়ার ব্যাপারে মানুষজনকে সতর্ক করে আসছিলেন। এক পর্যায়ে তারা বলেন স্পেনের শসা হতে পারে ব্যাকটেরিয়ার উৎস। রাশিয়া ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করেছে। দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা জনগণকে বিষাক্ত খাবার খেতে দিতে পারি না। ১৯৯৬ সালে জাপানে মুলার অঙ্কুর থেকে সংক্রামক রোগে অন্তত ১১ জন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২০১৬ ঘ.