২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহর দেশত্যাগে ইয়েমেনে উল্লাস, বাড়ছে অনিশ্চয়তা

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ দেশ ছেড়ে সৌদি আরবে যাওয়ায় আনন্দ-উল্লাসে মেতে উঠেছে ইয়েমেনবাসী। সালেহ চিরতরে দেশ থেকে বিদায় হয়েছেন এমনটিই আশা করছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

সানা/রিয়াদ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ দেশ ছেড়ে সৌদি আরবে যাওয়ায় আনন্দ-উল্লাসে মেতে উঠেছে ইয়েমেনবাসী। সালেহ চিরতরে দেশ থেকে বিদায় হয়েছেন এমনটিই আশা করছে তারা। সরকার বিরোধীরা সালেহকে আর ইয়েমেনে ঢুকতে না দেওয়ার সংকল্প নিয়েছে। কিন্তু সালেহ'র অবর্তমানে দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। প্রেসিডেন্ট প্রাসাদে গোলা হামলায় আহত হয়ে চিকিৎসার জন্য শনিবার সৌদি আরবে যান সালেহ। এরপরই রাজধানী সানার ইউনিভার্সিটি স্কয়ারে আনন্দ-উল্লাস করে অনেকে। আবার অনেকে রাস্তায় ইয়েমেনের পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে আনন্দ করেছে। কিন্তু এ আনন্দধারার পাশাপাশি সানাতে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে চলেছে। রাজধানী থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে তিজ শহরে বন্দুকযুদ্ধও ছড়িয়ে পড়েছে। সালেহ'র অবর্তমানে ক্ষমতা কার হাতে যাবে তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের এক অধিবাসী ফারুক আবদেল সালাম বলেছেন, "এ মুহুর্তে তারা সামরিক অভ্যুত্থান এবং সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ের আশঙ্কায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন।" ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি ইয়েমেনে থাকা সালেহর প্রভাবশালী ছেলে ও ভাইপোদের সঙ্গে নিয়ে সামরিক কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। বিশ্বের প্রথম সারির তেল রপ্তানিকারক এ দেশটি ইতোমধ্যে অর্থনৈতিক সংকটে পড়েছে এবং তা আল কায়েদা বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। এরমধ্যে নতুন করে সঙ্কটে ইয়েমেন পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ছে। ফলে দেশটি এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় কিনা সে আশঙ্কা বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪৬ঘ.