২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ৫০

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় মঙ্গলবার ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার আন্দোলনের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 03:51 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

আনাতোলিয়া (তুরস্ক), জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় মঙ্গলবার ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার আন্দোলনের কর্মীরা। সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর রাসতানে নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণে মঙ্গলবার ৪১ জন নিহত হয়েছে বলে দামেস্ক থেকে টেলিফোনে রসটার্সকে জানিয়েছে রাজান জয়তুনা নামের একজন মানবাধিকার আইনজীবী। নিহতদের পাঁচজনকে বুধবার রাসতানে দাফন করা হয়। নিহতদের মধ্যে চার বছরের একটি বালিকা রয়েছে বলে জানান তিনি। সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে রাসতানে গোলাবর্ষণ করে সরকারী বাহিনী। ওদিকে, সিরিয়ার মানবাধিকার সংস্থার প্রধান আমর কুরাইবি বুধবার রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার হিরাক শহরে নিরাপত্তা বাহিনীর হামলায় ৯জন নিহত হয়েছে। হিরাকের বাড়িঘরে হামলা ও দূরপাল্লার বন্দুক হামলায় তারা নিহত হন। তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন ডাক্তার, একজন ডেন্টিস্ট ও একটি ১১ বছরের বালিকা রয়েছে। বিক্ষোভকারীদের দমনে চলতি সপ্তাহে শহরটিতে ট্যাংক মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে সিরিয়ার সরকারবিরোধী নেতারা তুরস্কের উপকূলীয় শহর আনাতোলিয়ায় বৈঠকে মিলিত হয়েছেন। দক্ষিণ সিরিয়ার কৃষিনির্ভর দরিদ্র শহর দেরায় প্রায় তিন মাস আগে ক্ষমতাসীন সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরুর পর নির্বাসিত সরকারবিরোধী নেতাদের এটিই প্রথম বৈঠক। সিরিয়ার মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, প্রায় তিনমাসব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে এপর্যন্ত ১১শ'রও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় বাশারের ১১ বছরের শাসনকালে এটিই সরকার বিরোধী সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী আন্দোলন। দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির জন্য ইসলামী মৌলবাদী ও বিদেশিদের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে সিরীয় সরকার। তাদের দাবি, সহিংসতায় এ পর্যন্ত ১২০জন পুলিশ ও সেনাসদস্য নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯৪৭ ঘ.