২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙে পড়েছে অস্ত্রবিরতি, গৃহযুদ্ধের পথে ইয়েমেন

ইয়েমেনে আদিবাসী গ্রুপগুলোর সঙ্গে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ'র অনুগত বাহিনীর অস্ত্রবিরতি ভেস্তে গেছে। রাজধানী সানায় নতুন করে ছড়িয়ে পড়েছে লড়াই। গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে ইয়েমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

সানা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে আদিবাসী গ্রুপগুলোর সঙ্গে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ'র অনুগত বাহিনীর অস্ত্রবিরতি ভেস্তে গেছে। রাজধানী সানায় নতুন করে ছড়িয়ে পড়েছে লড়াই। গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে ইয়েমেন। ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা মঙ্গলবার অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়েছে বলে জানান। আদিবাসী দলগুলো একটি সরকারি ভবনের দখল নিয়েছে বলেও জানান তিনি। গোলযোগপূর্ণ ইয়েমেনে দেখা দিয়েছে ত্রিমুখী সঙ্কট। একদিকে, সানার রাস্তায় রাস্তায় চলছে লড়াই। আরেকদিকে, তিজ শহরে সরকারি সেনারা গুলি করে বিক্ষোভকারী হত্যা করছে। আর অন্যদিকে, জিনজিবার শহরে চলছে আল কায়েদা ও মুসলিম জঙ্গিবিরোধী অভিযান। দেশে শৃঙ্খলা ফেরাতে উপসাগরীয় আরব দেশগুলোর প্রস্তাবিত ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করার জন্য প্রেসিডেন্ট সালেহ কে চাপ দিয়ে আসছে বিশ্বের শক্তিধর দেশগুলো। গত সপ্তাহে সরকার সমর্থক ও বিদ্রোহী পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১১৫ জন নিহত হওয়ার পর দুপক্ষে যুদ্ধবিরতির মধ্য দিয়ে রাজধানীর পরিস্থিতি শান্ত হয়ে এসেছিলো। কিন্তু দুপক্ষের মধ্যে আবার নতুন করে ছড়িয়ে পড়া লড়াইয়ে অস্ত্রবিরতি মুখ থুবড়ে পড়েছে। সানার হাসাবা এলাকায় আদিবাসী নেতা আল আহমারের ঘাঁটিতে সরকারি বাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই এলাকায় আহমারের নিয়ন্ত্রণের অবসান ঘটানোর চেষ্টায় হস্তক্ষেপ করে সেনাবাহিনী। ফলে সানা আবার হয়ে উঠেছে রণক্ষেত্র। সারারাত সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ২ জন নিহত এবং কয়েকজন আহতও হয়েছে। ভেঙে পড়েছে শনিবারে ঘোষিত অস্ত্রবিরতি। আহমার বাহিনীর অগ্রযাত্রার মুখে প্রেসিডেন্ট সালের বাহিনী ক্ষমতা আঁকড়ে থাকারই চেষ্টা নিয়েছে বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। তিজ শহরেও বিক্ষোভকারীদের ওপর কঠোর দমনাভিযান চালাচ্ছে সরকার। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এই শহরটিতে রোববার থেকে বিক্ষোভে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছে শ শ মানুষ। মঙ্গলবার তিজ শহরে আবার বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। সর্বশেষ সংঘর্ষে সেখানে তিনজন নিহত হয়েছে। ইয়েমেনের সাবা সংবাদ সংস্থা মঙ্গলবার জানিয়েছে, জিনজিবার শহরে আল কায়েদার সঙ্গে সেনাদের লড়াই চলছে। বিমানবাহিনী শহরটিতে বোমা ফেলছে। ওই এলাকায় লড়াইয়ে আগের দিন ২১ জন ইয়েমেনি সেনা নিহত হয়েছে। বিরোধী নেতারা জিনজিবার শহরের পরিস্থিতির জন্য সালেহকে দায়ী করে বলেছে, তিনি ইচ্ছা করেই শহরে আল কায়েদা জঙ্গিদের দখলে চলে যাওয়ার পথ সুগম করে দিচ্ছেন যাতে তিনি ক্ষমতা ছাড়লে পরিস্থিতি কত মারাত্মক হবে তা দেখিয়ে দেওয়া যায়। বিরোধীরা বলছে, তারা ক্ষমতায় গেলে আরো কড়া হাতে আল কায়েদাকে দমন করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৪ ঘ.