২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ১১ আন্দোলনকারী নিহত, বেড়েছে সেনা অভিযান

সিরিয়ায় রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে সরকারবিরোধী ১১ আন্দোলনকারী। বিক্ষোভকারীদের ওপর সরকারী বাহিনীর দমনপীড়নে আহত হয়েছেন অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

আম্মান, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে সরকারবিরোধী ১১ আন্দোলনকারী। বিক্ষোভকারীদের ওপর সরকারী বাহিনীর দমনপীড়নে আহত হয়েছেন অনেকে। দেশটির একজন শীর্ষস্থানীয় মানবাধিকার আন্দোলনকর্মী এ তথ্য জানিয়েছেন। মানবাধিকারকর্মী ও আইনজীবী রাজান জাইতোনা দামেস্ক থেকে টেলিফোনে জানান, সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে বিক্ষোভ দমনে আরো সেনা পাঠানো হয়েছে। সিরীয় শহর তালবিশ ও রাস্তান এবং হমসের বেশকিছু গ্রামে ট্যাংকসহ সেনারা অবস্থান নিয়েছে। তারা সেখানে মেশিনগান দিয়ে গুলি ছুঁড়ছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন। রাজান জাইতোনা জানান, নিহতরা সবাই তালবিশ, রাস্তান ও হমসের বিভিন্ন গ্রামের মানুষ। ৬০ হাজার মানুষ অধ্যুষিত তালবিশের একজন অধিবাসী টেলিফোনে বলেন, "শহরের সর্বত্রই এখন সেনারা অবস্থান নিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে দরজা ভেঙ্গে সাধারণ মানুষদের গ্রেপ্তার করছে। থেমে থেমেই গুলির শব্দ শোনা যাচ্ছে।" এদিকে, সরকারী সংবাদসংস্থা জানিয়েছে, তালবিশে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। তালবিশ সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর। হসম শহরের ৬ মাইল উত্তরে এর অবস্থান। হমসের প্রধান চত্ত্বরে ট্যাংকসহ সেনাবাহিনী অবস্থান নিয়েছে। প্রতিবেশী রাষ্ট্র মিশর যে ধরনের চত্বরে লাখো মানুষ জমায়েত হয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হোসনি মুবারককে হঠিয়ে দেয়, সেই একই ধরনের দৃশ্যের অবতারণা ঠেকাতে ওই চত্বর দখলে নিয়েছে সেনারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, সিরিয়ার সহিংসতার প্রকৃত অবস্থা যাচাই করা খুবই কঠিন। কেননা মার্চ থেকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন শুরুর পর সরকার অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে নিষিদ্ধ করেছে। এ কারণে সংবাদ সংগ্রহ করা অনেক কঠিন হয়ে পড়েছে। অপর এক প্রত্যক্ষদর্শী রাস্তান থেকে জানান, শহরের প্রধান ক্লিনিক আহত মানুষে ভরে গেছে। কিন্তু ট্যাংক থেকে গোলাবর্ষণের কারণে আহতদের সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এরআগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে শুক্রবার নিরাপত্তাবাহিনীর গুলিতে হমসে তিনজন, দামেস্কতে তিনজন, লেবাননের সীমান্তবর্তী শহর জাবাদানিতে একজন এবং ইডলিব শহরে একজন বিক্ষোভকারী নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে প্রায় আড়াই মাসব্যাপী চলা সরকারবিরোধী এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ১১শ'রও বেশি মানুষ। আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ সৃষ্টি করা হলেও সিরীয় প্রেসিডেন্ট আসাদ আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালিয়েই যাচ্ছেন। দমনপীড়নের জন্য বাশার আল আসাদের পিতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদও সমালোচিত ছিলেন। ১৯৮২ সালে সিরিয়ায় হামা শহরে সুন্নি মুসলিম সম্প্রদায় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলে তৎকালীন প্রেসিডেন্ট হাফিজের নির্দেশে সেনাবাহিনী কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করে। এতে প্রাণ হারায় ৩০ হাজার মানুষ। ২০০০ সালে প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মারা যাওয়ার পর তার স্থালাভিষিক্ত হন বাশার আল আসাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫০ ঘ.