২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাপ সঙ্গীতের 'গডফাদার' স্কট-হেরনের মৃত্যু

বাংলাদেশে পপসম্রাট আজম খান যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখনই চলে গেলেন বিশ্বব্যাপী র‌্যাপ সঙ্গীতের গডফাদার হিসেবে খ্যাত গিল স্কট-হেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ওয়াশিংটন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশে পপসম্রাট আজম খান যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখনই চলে গেলেন বিশ্বব্যাপী র‌্যাপ সঙ্গীতের গডফাদার হিসেবে খ্যাত গিল স্কট-হেরন। নিউ ইয়র্কের এক হাসপাতালে শুক্রবার মৃত্যুবরণ করেন স্কট- হেরন (৬২)। স্কট-হেরনের বন্ধু ডোরিস নোলান বলেন, নিউ ইয়র্কের সেন্ট লুকস হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টায় হেরনের মৃত্যু হয়। "আমরা শোকগ্রস্ত"- বলেন তিনি। কবি ও গীতিকার স্কট-হেরন র‌্যাপ সঙ্গীতের বিকাশে অসামান্য অবদান রাখেন। যুক্তরাষ্ট্রে হিপ-হপ সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে তার গান। বিশ শতকের সত্তরের দশকের শুরুতে 'দ্য রেভ্যুলেশন উইল নট বি টেলিভাইজড' গানের মাধ্যমে আলোচনার পাদপ্রদীপে আসেন তিনি। আফ্রো-আমেরিকান সাংস্কৃতিক লড়াইয়ের কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয় স্কট-হেরনকে। পরমাণু বোমা ও বর্ণবৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি। ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোয় জন্মগ্রহণ করেন প্রতিবাদী এই শিল্পী। এইচআইভি পজিটিভ স্কট-হেরন শেষ জীবনে মাদকাসক্তির বিরুদ্ধে খুব লড়াই করেছেন। কোকেইন রাখার অভিযোগে ২০০১ সাল থেকে দেড় বছরের কারাদ- ভোগ করেন তিনি। সম্প্রতি ইউরোপ সফর শেষে দেশে ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মোট ১২টিরও বেশি অ্যালবাম রয়েছে স্কট-হেরনের। গত বছর তার সর্বশেষ অ্যালবাম 'আই অ্যাম নিউ হিয়ার' মুক্তি পায়। এছাড়া বেশ কয়েকটি কবিতার বই রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এএইচ/২০৫৪ ঘ.