২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে টর্নেডোয় প্রাণহানি ৮৯

যুক্তরাষ্ট্রে মিসৌরির জপলিন শহরে টর্নেডোয় ৮৯ জনের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

কানসাস সিটি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে মিসৌরির জপলিন শহরে টর্নেডোয় ৮৯ জনের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মিসৌরিতে রোববার বিকালে বয়ে যাওয়া টর্নেডোতে নিহতের সংখ্যা ১শ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিউটন কাউন্টির এক কর্মকর্তা কোরোনার মার্ক ব্রিজেস। জরুরি পরিস্থিতি মোকাবেলা কর্মীরা ঘর-বাড়ির ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধান করার পাশাপাশি মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো লাশ খুঁজে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। টর্নেডোয় মিসৌরিতে নিহতের সংখ্যা বাড়ার পাশাপাশি বহু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো হাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে জপলিনের টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ। এর আগের খবরে মিসৌরির জপলিন শহরে ৩০ জন এবং মিনেপোলিস- এ একজন নিহত হওয়ার কথা জানানো হয়। এর কিছু সময়ের ব্যবধানেই জপলিনে নিহতের সংখ্যা ৮৯ এ দাঁড়ানোর খবর পাওয়া গেলো। মিসৌরির গভর্নর জে নিক্সন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। এ বছর বিরূপ আবহাওয়ার কারণে গত মাসে যুক্তরাষ্ট্রের ৭ টি প্রদেশে টর্নেডোর তা-বে ৩৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়। ২৭ এপ্রিলে কেবল অ্যালাবামায়তেই নিহত হয় ২৩৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৬ ঘ.