২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসায় ভেসে ভেসে মহাকরণে মমতা

সবুজ পাড়ের সাদা শাড়ি, পায়ে চপ্পল। মাঠে ময়দানে এই রূপেই তাকে অধিকার আদায়ের সংগ্রাম করতে দেখেছে সাধারণ মানুষ। শুক্রবার সেই একই রূপে পায়ে হেঁটে মহাকরণে নিজের কার্যালয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

বেবী মওদুদ স্যোশাল অ্যাফেয়ার্স এডিটর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কলকাতা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবুজ পাড়ের সাদা শাড়ি, পায়ে চপ্পল। মাঠে ময়দানে এই রূপেই তাকে অধিকার আদায়ের সংগ্রাম করতে দেখেছে সাধারণ মানুষ। শুক্রবার সেই একই রূপে পায়ে হেঁটে মহাকরণে নিজের কার্যালয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজভবনে শপথ আনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী যে নিজের 'অফিসে' যাবেন. তা নির্ধারিত ছিল আগেই। সে জন্য মোটর শোভাযাত্রারও ব্যবস্থা করা ছিল। কিন্তু বিকাল ৪টায় পায়ে হেঁটেই মহাকরণের পথ ধরেন মমতা। এ সময় রাস্তার দুপাশে সমবেত হাজার হাজার মানুষ তাদের প্রিয় 'দিদিকে' অভিনন্দন জানাতে থাকেন। পুলিশ প্রথম দিকে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করলেও পরে হাল ছেড়ে দেয়। নিরাপত্তা বেষ্টনি ভেঙে জনতা পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কাছে। ভক্ত-সমর্থকদের শ্রদ্ধায় মহাকরণে মমতার প্রথম দিনের পথ আক্ষরিক অর্থেই ফুলে ফুলে ঢেকে যায়। হাসি মুখে হাত নেড়ে অভিনন্দনের জবাব দিতে দিতে নিজের কার্যালয়ে প্রবেশ করেন নতুন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় এখানেই এক বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করার কথা রয়েছে তার। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা জানান, ১৯৯৩ সালের ৭ জানুয়ারি মমতা বন্দোপাধ্যায় এই মহাকরণে এসেছিলেন তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর সঙ্গে দেখা করতে। ধর্ষণের শিকার এক নারীর জন্য বিচার চাইতে এসেছিলেন তিনি। কিন্তু আগে থেকে যোগাযোগ করে না আসায় মুখ্যমন্ত্রীর নির্দেশে মমতাকে মহাকরণ থেকে বের করে দেয় পুলিশ। এর প্রতিবাদ করায় তাকে পাঠানো হয় কারাগারে। ঘনিষ্টজনদের ভাষ্য অনুযায়ী, মমতা সেই সময়ই প্রতিজ্ঞা করেছিলেন- আবার মহাকরণে আসবেন তিনি, তবে মাথা উঁচু করে। শুক্রবার হাজার হাজার সমর্থকের সামনে সেই প্রতিজ্ঞা তিনি পূরণ করলেন। রাজভবনে শপথ অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এবং কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত শাকিল আহমেদ শপথ মঞ্চে উঠে মমতাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর রাজ্যপাল এম কে নারায়ণন, রাজ্য সরকারের নতুন মন্ত্রী ও অতিথিদের সঙ্গে চা চক্রে মিলিত হন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে তার সরকার যথাসাধ্য চেষ্টা করে যাবে। পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে মমতার তৃণমূল-কংগ্রেস জোট ২২৪টি জিতে নিলে ভারতের এই রাজ্যে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটে। গত ১৩ মে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/কেএমএস/জেকে/১৯১৫ ঘ.