ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসরায়েলকে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেওয়া ভাষণে এই আহ্বান জানান ওবামা।
ফিলিস্তিন ইস্যুতে ওবামা বলেন, "১৯৬৭ সালের সীমানা অনুযায়ী সমঝোতার ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনের সীমান্ত নির্ধারিত হওয়া উচিৎ, যাতে উভয় রাষ্ট্রই নিরাপদ সীমারেখা নিশ্চিত করতে পারে।"
ওবামা বলেন, "ফিলিস্তিনি জনগণের স্বশাসনের অধিকার অবশ্যই রয়েছে। পাশাপাশি অন্য রাষ্ট্রের মতো তাদের সার্বভৌমত্ত্বের অধিকারও রয়েছে।"
"নিরাপত্তার প্রশ্নে প্রত্যেক রাষ্ট্রেরই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েলও অবশ্যই যে কোনো হুমকি থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম।"
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে এসব কথা বলেন।
অন্যদিকে ওবামার বক্তব্যকে স্বাগত জানালেও ১৯৬৭ সালের সীমানায় ফিরে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, "ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।"
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওবামার এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন।
আল জাজিরা টেলিভিশন জানায়, ওবামার ভাষণের প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, "স্লোগানসর্বস্ব কোনো ঘোষণা না দিয়ে যা করা উচিৎ তা হচ্ছে, ফিলিস্তিনি জনগণ ও আরব জাতির অধিকার রক্ষায় গঠনমূলক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।"
এদিকে, বিপক্ষ শিবির রিপাবলিকানরা ওবামার কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, ওবামা ইসরায়েলকে 'বিসর্জন' দিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১৩৩৯ ঘ.
bdnews24