২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী হওয়ার দৌড়ে প্রণবের ছেলেও

বাবার পথ ধরে মন্ত্রী হতে চলছেন প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ। তবে বাবা কেন্দ্রীয় সরকারে, আর ছেলে রাজ্য সরকারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার পথ ধরে মন্ত্রী হতে চলছেন প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ। তবে বাবা কেন্দ্রীয় সরকারে, আর ছেলে রাজ্য সরকারে। পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভা নির্বাচনে বীরভূমের নলহাটি আসনে কংগ্রেসের টিকিটে জিতেছেন অভিজিৎ মুখার্জি। ১৫ হাজার ভোটের ব্যবধানে জেতেন অভিজিৎ, যে আসনটি ৪৩ বছর কাল ধরে রেখেছিলো বামফ্রন্ট শরিক ফরোয়ার্ড ব্লক। বিধান সভা নির্বাচনের শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায়, সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তবে সরকার গঠনে জোট শরিক কংগ্রেস ও এসইউসিআইকেও নেবেন বলে ইতোমধ্যেই জানিয়েছেন মমতা। আর তাতেই মন্ত্রী হিসেবে নাম উঠে আসছে অভিজিতের। নির্বাচনে বামফ্রন্টকে শোচনীয়ভাবে হারানোর জন্য মমতাকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব। তিনি নিজেও পশ্চিমবঙ্গের জঙ্গিপুর আসন থেকে নির্বাচিত হয়ে প্রায় নিয়মিতওই লোকসভায় যাচ্ছেন। কঠিন একটি আসনে জয়ের পর প্রণবপুত্র অভিজিৎ আজকাল পত্রিকাকে বললেন, "এ আসনটি বেছে নিয়েছিলাম এই জন্য যে কেউ যাতে বলতে না পারে- বাবার জন্যই আমি জিতেছি।" ভোটের ব্যবধান ১৫ হাজারের দ্বিগুণ হতে পারতো বলে মনে করছেন তিনি। তা না হওয়ার জন্য দায়ী করেছেন নির্দলীয় প্রার্থী এবং মিত্র দল তৃণমূলের একজন 'বেয়াড়া' প্রার্থী থাকাকে। অভিজিৎ বলেন, "নলহাটির মানুষের অনেক আত্মীয়-স্বজন জঙ্গিপুরের বাসিন্দা। যাওয়া-আসায় তারা জঙ্গিপুরে উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখেছেন। তাই উন্নয়নের পক্ষেই অবস্থান নিয়েছেন তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২০০ ঘ.