ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের জনগণ মমতা ব্যানার্জির 'পারিবর্তনের' ডাকে সাড়া দেওয়ায় বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে তার নেতৃত্বাধীন তৃণমূল-কংগ্রেস জোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "জয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠায় আমি ভীষণ খুশি।"
তিনি জানান, তৃণমূল-কংগ্রেস জোট জয়ী হলে তিনিই হবেন মুখ্যমন্ত্রী। ৬ মাস পর উপনির্বাচনের মধ্য দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিধানসভার ২৯৪ আসনের মধ্যে মমতার জোট ২২৬টি আসন জিতে নিয়েছে। আর ক্ষমতাসীন বামফ্রন্ট পেয়েছে ৬২টি আসন।
সরকার গঠনের জন্য তৃণমূল-কংগ্রেস জোটের প্রয়োজন ছিলো ১৪৮টি আসন। শুক্রবার সকাল ৮ টায় ভোট গণনা শুরুর পর দুপুরেই মমতার জোটের বিজয় স্পষ্ট হয়ে ওঠে। দেড়টার দিকে রাজ্যভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেন বর্তমান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটে।
বিধানসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেস জোট জয়ী হলে জোট নেতা ও ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা ছিলো। শুক্রবার তার অবসান ঘটলেন মমতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।
তৃণমূল-কংগ্রেস জোট পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে দুই বাংলার সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
১৯৫৫ সালের ৫ জানুয়ারি কলকাতার কালিঘাটের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মমতা ব্যানার্জি। রাজনৈতিক জীবন শুরু করেন অল ইন্ডিয়া কংগ্রেসের মাধ্যমে।
১৯৭৬ সালে মমতা রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৪ সালে যাদবপুর আসন থেকে প্রথমবারের মতো লোকসভার সদস্য নির্বাচিত হন তিনি। সে সময় তিনি সিপিএম এর শীর্ষ নেতা সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করেন। এর পরপরই অল ইন্ডিয়া যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মমতা।
১৯৮৯ সালের নির্বাচনে হেরে গেলেও পরে তিনি দক্ষিণ কলকতা আসন থেকে ১৯৯১, ৯৬, ৯৮, ৯৯, ২০০৪ ও ২০০৯ সালে লোকসভা সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নরসীমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রি হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯৭ সালে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে এসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গঠন করেন। সে সময় থেকেই তিনি দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সমস্যা, নন্দীগ্রাম, সিঙ্গুর ও রেজওয়ান হত্যাকাণ্ড নিয়ে সরব ছিলেন এই নেত্রী। কলকাতার সাধারণ মানুষের কাছে 'দিদি' হিসেবেই পরিচিত তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/জিএনএ/কেএমএস/জেকে/১৮২৭ ঘ.
bdnews24