আম্মান, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে দুটি শহরে আবাসিক এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনী। সারাদেশে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় নিহত হয়েছে অন্তত ১৯ জন।
ক্ষমতাসীন বাথ পার্টির পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিক্ষোভ দমনে গত সপ্তাহে কয়েকটি শহরে সেনা ও ট্যাংক মোতায়েন করা হয়।
২০০০ সালে প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ মারা যাওয়ার পর তার ছেলে বাশার আল-আসাদ রাষ্ট্রক্ষমতায় বসেন।
সিরিয়ার 'ন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস'র প্রধান আম্মার কুরাবি বলেন, দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের হারা শহরে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ১৩ জন নিহত হয়েছে।
দারা শহরে ১৮ মার্চ সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। হারা শহরটি দারা থেকে ৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত।
কুরাবি বলেন, শহরের চারটি বাড়ি লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলার্বর্ষণ করে নিরাপত্তা বাহিনী। গোলার আঘাতেই বেশিরভাগ মানুষ মারা যায়। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন সেবিকা ও একটি শিশু নিহত হয়।
সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসেও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। গোলার আঘাতে পাঁচজন নিহত হয় বলে জানান সেখানকার এক মানবাধিকারকর্মী। এছাড়া স্নাইপারের গুলিতে মারা যান আরেকজন।
মানবাধিকারকর্মী নাজাতি তায়ারা বলেন,"শহরগুলোতে সন্ত্রাস চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।"
এদিকে, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। গণতন্ত্রের দাবিতে প্রায় দুহাজার শিক্ষার্থীর ওই বিক্ষোভে লাঠিপেটা করে পুলিশ।
আলেপ্পোর এক অধিবাসী বলেন, গোয়েন্দা পুলিশ শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এএইচ/এলকিউ/১৬১০ঘ.
bdnews24