২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা মিশনপাক-মার্কিন গোপন চুক্তি ফাঁস

ওসামা বিন লাদেনসহ আল কায়দার শীর্ষ নেতাদের ধরতে পাকিস্তানে অভিযান চালানোর অনুমতি এক দশক আগেই যুক্তরাষ্ট্রকে দিয়েছিলেন পারভেজ মুশাররফ। দুই দেশের গোপন এ চুক্তির বিষয়টি ফাঁস করেছে গার্ডিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

লন্ডন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেনসহ আল কায়দার শীর্ষ নেতাদের ধরতে পাকিস্তানে অভিযান চালানোর অনুমতি এক দশক আগেই যুক্তরাষ্ট্রকে দিয়েছিলেন পারভেজ মুশাররফ। দুই দেশের গোপন এ চুক্তির বিষয়টি ফাঁস করেছে গার্ডিয়ান। যুক্তরাজ্যের প্রভাবশালী এ দৈনিক সোমবার জানায়, ২০০১ সালে বিন লাদেন আফগানিস্তানের তোরা বোরা পাহাড় থেকে পালিয়ে বাঁচার পরই বুশ প্রশাসনের সঙ্গে ইসলামাবাদের একটি চুক্তি হয়, যাতে যুক্তরাষ্ট্র আল কায়দা নেতাদের ধরতে যে কোনো সময় পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালানোর অনুমোদন পায়। বিন লাদেনকে হত্যার পর ইসলামাবাদ-ওয়াশিংটন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই গার্ডিয়ান এ খবর প্রকাশ করলো। এ ধরনের চুক্তির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, "বুশ ও মুশাররফের মধ্যে চুক্তি হয়েছিলো যে ওসামাকে পাকিস্তানের যেখানেই পাওয়া যাবে সেখানেই অভিযান চালাবে যুক্তরাষ্ট্রের সৈন্যরা।" ওই সময় সামরিক শাসক মুশাররফ ছিলেন পাকিস্তানের ক্ষমতায়। আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে এখন যুক্তরাজ্যে রয়েছেন তিনি। তবে ২০০৮ সালের ফেব্র"য়ারি থেকে ছয়মাস পর্যন্ত পাকিস্তানের সেনা শাসনের পরিবর্তনের সময় ওই চুক্তি নবায়ন করা হয় বলে পাকিস্তানের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান। নির্বাচনের মাধ্যমে শাসনব্যবস্থায় পরিবর্তন আসার পরও মুশাররফ বেশকিছুদিন প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন। গত ২ মে ভোররাতে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদ এলাকায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিশেষ এক অভিযানে নিহন হন আল কায়দার শীর্ষ নেতা বিন লাদেন। এ অভিযানের খবর পাকিস্তানকে আগে বলেনি ওয়াশিংটন। বিন লাদেন হত্যার মিশনের বিষয়ে পাকিস্তানকে আগে না জানানোর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান লিও প্যানেট্টা বলেন, পরিকল্পনা ফাঁস হওয়ার শঙ্কা থেকেই ইসলামাবাদকে কিছু জানানো হয়নি। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সোমবার বলেছেন, বিন লাদেন হত্যার মিশন শুরুর ১৫ মিনিটের মধ্যেই তাকে জানানো হয়েছিলো। তবে আল কায়দার শীর্ষ নেতাকে হত্যায়ই যে অভিযান চলছে, তা তাকে বলা হয়নি। আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অভিযান শুরুর ১৫ মিনিট পর আমাকে তা জানানো হয়, তবে বিন লাদেনকে যে হত্যা করার জন্য অভিযান চলছে, তা আমি জানতাম না।" বিন লাদেনের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সেনা অভিযান- দুটোই না জানার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সমালোচনা চলছে দেশে। অন্যদিকে ভারত ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ইঙ্গিত আইএসআই জঙ্গিবিরোধী তৎপরতায় হয় ব্যর্থ, নয় তো তারা মদদ দিচ্ছে। এদিকে, পাকিস্তানে চালকবিহীন বিমান (ড্রোন) হামলার বিষয়টি দেশটির অপ্রকাশিত চুক্তির সাথে সঙ্গতিপূর্ণ বলে গত নভেম্বর উইকিলিকস জানায়। ২০০৮ সালে গিলানি ড্রোন হামলা প্রসঙ্গে বলেছিলেন, "যদি তারা জনগণের অধিকার বজায় রেখে এ হামলা চালায় আমি কিছু মনে করব না।" বছরজুড়ে মার্কিন ড্রোন হামলার ঘটনা থেকে এটি পরিষ্কার যে পাকিস্তান সেনা বাহিনী যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমে সহায়তা করেছে। এরপরও সাধারণ জনগণকে আশ্বস্ত করা এবং রাষ্ট্রীয় নীতি অনুযায়ী এর প্রকাশ্য নিন্দা করা হচ্ছে। এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার সাবেক পাক প্রেসিডেন্ট মুশাররফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও গার্ডিয়ান তার মন্তব্য পেতে ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/সিআর/১৫২০ ঘ.