২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সংঘর্ষ আটক ১৯০ জনের বিচার সামরিক আদালতে

মিশরে খ্রিস্টান ও মুসলমানদের সংঘর্ষের পর আটক ১৯০ জনকে সামরিক আদালতে বিচারের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ (সুপ্রিম কাউন্সিল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে খ্রিস্টান ও মুসলমানদের সংঘর্ষের পর আটক ১৯০ জনকে সামরিক আদালতে বিচারের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ (সুপ্রিম কাউন্সিল)। সেনাবাহিনী রোববার তাদের ফেসবুক পৃষ্ঠায় বলেছে, "গতকালের ঘটনায় আটক ১৯০ জনকে সুপ্রিম মিলিটারি কোর্টে বিচারের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম মিলিটারি কাউন্সিল।" কায়রোর ইমবাবা জেলার সেন্ট মিনা গির্জা সংলগ্ন এলাকায় শনিবার রাতের ওই সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত একশ' ৮৬ জন। রোববার ধর্মীয় সহিংসতা দমনের অঙ্গীকার করেছে সেনা শাসকরা। বিরাজ করছে টান টান উত্তেজনা। সেন্ট মিনা গির্জার কাছের কয়েকটি রাস্তা ঘিরে রেখেছে সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ইসাম শরাফ। সংঘর্ষের কারণে উপসাগরীয় দুটি দেশে রোববারের সফর স্থগিত করেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সম্প্রতি খ্রিস্টান থেকে মুসলমান হওয়া এক নারীকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবিতে সালাফিস্ট নামের একটি রক্ষণশীল গ্রুপের পাঁচ শতাধিক সদস্য সেন্ট মিনা গির্জার সামনে বিক্ষোভ করে। জোর করে ওই নারীকে গির্জার মধ্যে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। সেসময় বিক্ষুব্ধদের সঙ্গে গির্জার নিরাপত্তা রক্ষী ও আশপাশের মানুষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের মধ্যে গোলাগুলি, বোমা ও পাথর ছোড়াছুড়ি হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা আগের খবরে সংঘর্ষে নিহতদের মধ্যে ছয়জন মুসলমান ও তিনজন খ্রিস্টান বলে জানিয়েছিলো। এক খ্রিস্টান প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, "গির্জার মধ্যে এক যুবকের লাশ পড়ে আছে। " অপর এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, সংঘর্ষের পর ওই এলাকার আরেকটি গির্জায় আগুন দেওয়া হয়। তাতে গির্জাটির ব্যাপক ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মন্ত্রিপরিষদের মুখপাত্র আহমেদ আল-সামান মেনাকে বলেন, "ইমবাবার দুঃখজনক ঘটনা আলোচনার জন্য মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শরাফ।" রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে রোববারের সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী। মিশরে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়ে থাকে। দেশটির আট কোটি জনসংখ্যার ১০ শতাংশের মতো খ্রিস্টান ধর্মাবলম্বী। দেশে নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/এলকিউ/১৮২৮ঘ.