২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'৯/১১ বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ছিল আল কায়েদার'

নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ১০ বছরপূর্তিতে আবারও হামলার পরিকল্পনা করছিল আল কায়েদা। কিন্তু এবার তাদের লক্ষ্য ছিল দেশটির রেল স্থাপনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 06:29 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ওয়াশিংটন, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ১০ বছরপূর্তিতে আবারও হামলার পরিকল্পনা করছিল আল কায়েদা। কিন্তু এবার তাদের লক্ষ্য ছিল দেশটির রেল স্থাপনা। পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের কম্পাউন্ড থেকে পাওয়া বিভিন্ন সামগ্রী পরীক্ষা-নিরীক্ষার সময় এ তথ্য পাওয়া গেছে বলে বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান। মার্কিন আইনপ্রয়োগকারী র্কর্মকতাদের বরাত দিয়ে জানানো হয়, মার্কিন রেল স্থাপনার কোথাও তারা (আল কায়েদা) হামলার পরিকল্পনা করেছিল। বিন লাদেনের কম্পাউন্ডে অভিযান চালানোর পর একটি কাগজে হাতে লেখা এ পরিকল্পনা সম্পর্কে জানা যায়। একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, কয়েকটি বিশেষায়িত দিন ও ছুটির দিনগুলোতে গুরুত্বপূর্ণ শহরগুলোতে মার্কিন স্থাপনায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। এদিকে, ওসামা বিন লাদেন হত্যা মিশনে অংশ নেওয়া কমান্ডোদের সাথে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাৎ করার কথা রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার নিউ ইয়র্কে গ্রাউন্ড জিরোতে ৯/১১ হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। এ সময় তিনি ৯/১১'র হামলায় নিহতদের পরিবারের উদ্দেশে বলেন, ন্যায় বিচার হয়েছে। কিন্ত আমেরিকা "কোনোদিন তাদের ভুলবে না।" সোমবার মধ্যরাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী সেনা শহর অ্যাবোটাবাদে একটি সুরক্ষিত বাড়িতে আত্মগোপন করে থাকা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালায় মার্কিন ছোট্ট একটি কমান্ডো দল। অভিযানে নিহত বিন লাদেনকে তড়িঘরি আরব সাগরে সমাহিত করা হয় বলে মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা যায়। ওই অভিযানে লাদেনের কম্পাউন্ড থেকে জব্দ করা কম্পিউটার, ডিভিডি ও অন্যান্য তথ্য-উপাত্ত পরীক্ষা করে মার্কিন রেল স্থাপনায় হামলা পরিকল্পনার কথা জানা গেছে। এদিকে, পাকিস্তানের এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানিয়েছেন, বিন লাদেনের স্ত্রী তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওই কম্পাউন্ডে তিনি বিন লাদেনের সাথে পাঁচ বছর ধরে বসবাস করছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলা চালায় আল কায়েদা। ওই ঘটনায় প্রায় ৩ হাজার মার্কিনি মারা যায়। বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার জন্য ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৩ ঘ.