২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ওসামাকে ঠান্ডা মাথায় হত্যা করেছে: পাকিস্তান

পাকিস্তানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ঠান্ডা মাথায় হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

অ্যাবোটাবাদ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ঠান্ডা মাথায় হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এর আগে রয়টার্স পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন বাহিনীর অভিযানের সময় ওসামা বিন লাদেন ও তার লোকজন কোনো প্রতিরোধ গড়েনি। অ্যাবোটাবাদের কম্পাউন্ডে মার্কিন বাহিনীর অভিযান এবং বিন লাদেন হত্যার ঘটনা তদন্তের কথা জানিয়ে পাকিস্তানের দুজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেন, দুপক্ষে কোনো লড়াই হয়নি। কারণ কম্পাউন্ডের ভেতরের লোকজন পাল্টা গুলি ছোড়েনি। অভিযানের সময় কোনো গোলাগুলি হয়েছে কিনা জানতে চাইলে এক পাকিস্তানি কর্মকর্তা বলেন, "অভিযানটি ঠান্ডা মাথায় পরিচালিত হয়েছে।" তবে কাদের কাছ থেকে তারা এ তথ্য পেয়েছেন সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি পাকিস্তানের কর্মকর্তারা। মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল টিমের সদস্যরা সোমবার ভোররাতে ওই অভিযান চালায়। ওসামা বিন লাদেনকে হত্যার সময় তিনি নিরস্ত্র ছিলেন এমনটিই আগে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযান চালানোর সময় প্রতিরোধের মুখে পড়ার কথাও জানায় তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান লিওন প্যানেট্টা বলেন, "আমরা বড় ধরনের প্রতিরোধের আশঙ্কা করেছিলাম এবং তার মুখোমুখি হয়েছিলাম।" তবে এ ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি। ফলে যুক্তরাষ্ট্রের এ অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত নিরস্ত্র অবস্থায় লাদেনকে হত্যার বিষয়টি নিয়ে। মার্কিন কর্মকর্তারা এখন আত্মপক্ষ সমর্থন করে বলছেন, ৪০ মিনিটের বন্দুকযুদ্ধেই ওসামা বিন লাদেন নিহত হয়েছিলেন। আর তিনি নরস্ত্র ছিলেন কিনা সে সম্পর্কিত প্রাথমিক তথ্য ভুল বলে দাবি করছেন তারা। আবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমন খবরও পাওয়া যাচ্ছে যে, মাত্র একজন ক্ষণিকের জন্য গুলি ছুড়েছিলো। উল্লেখ্য, বুধবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনবিসি জানায়, অভিযানে ওসামা বিন লাদেনসহ ৪ জন নিহত হয়েছে। তাদের কাছে অস্ত্র ছিলো না। তারা কোনো গুলিও ছোড়েনি। হত্যা অভিযান নিয়ে এ ধোঁয়াশার মধ্যে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠান্ডা মাথায় খুনের এ অভিযোগ তুলেলো পাকিস্তান। তাছাড়া, ওই কম্পাউন্ডে দীর্ঘ বন্দুকযুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তথ্য বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের কর্মকর্তারা। উপরন্তু পাকিস্তানের সামরিক বাহিনীও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, আবার এ ধরনের ঘটনা ঘটলে তারা সহযোগিতা বন্ধ করে দেবে। যুক্তরাষ্ট্রের লাদেন হত্যা অভিযানকে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবেই দেখছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের সর্বসাম্প্রতিক এ অভিযোগে বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে বিতর্ক আরো বাড়বে। সেইসঙ্গে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক মেরামতির চেষ্টাও নতুন করে সঙ্কটে পড়বে বলে মনে করা হচ্ছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১০২ ঘ.